ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা-ড্রেন নির্মাণের অভিযোগ

ডা. শুভ ও স্বর্ণ ব্যবসায়ীকে সুবিধা দিতে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা-ড্রেন নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: ব্যক্তিমালিকানাধীন জমিকে অবৈধভাবে পৌরসভার আওতাভুক্ত দেখিয়ে রাস্তা ও ড্রেন নির্মাণের অভিযোগ এনে সাতক্ষীরা পৌরসভার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা শহরের পলাশপোল (চৌরঙ্গী মোড়) এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পলাশপোল মৌজায় তাঁর পিতা মো. অজিয়ার রহমানের নামে প্রায় ৬৪.৪৪ শতক জমি দীর্ঘদিন ধরে সরকারের খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী ডা. শেখ সাঈদ হাসান শুভ ও ভবেন্দ্র দে নিজ নিজ বাড়ি নির্মাণের সময় সামনের পথের ঢাল তাঁদের জমির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। এতে বাধা দেওয়ার পর তারা সাতক্ষীরা পৌরসভার সঙ্গে যোগসাজশ করে পারিবারিক পথকে পৌরসভার রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত দেখিয়ে সেখানে ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, বিষয়টি জানার পর গত ১৬ জুলাই সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বরাবর কাজ বন্ধের আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ১৯ জুলাই জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। একই দিনে সাতক্ষীরা এডিএম কোর্টে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা (নং-৯৫১/২৬) দায়ের করা হলে আদালত কাজ বন্ধের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী সদর থানার পুলিশ বিবাদীপক্ষকে নোটিশ প্রদান করলেও অভিযোগ অনুযায়ী কাজ অব্যাহত থাকায় পরে ১৮৮ ধারায় আরও একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুনরায় ১৪৫ ধারায় মামলা হলে আদালত আবারও কাজ বন্ধের নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ২৮ জুলাই সদর থানার এক কর্মকর্তা আদালতের নির্দেশনা অনুযায়ী নির্মাণকাজ বন্ধ করেন এবং পৌরসভাকে আদালতের নির্দেশ অবহিত করতে যান। পরে তিনি পৌরসভার সচিব ও সিইওর সঙ্গে দেখা করে ব্যক্তিমালিকানাধীন জমিতে সরকারি রাস্তা ও ড্রেন নির্মাণের বিষয়ে জানতে চাইলে তাঁরা নাকি বলেন, ব্যক্তি মালিকানাধীন জায়গাতেও তারা কাজ করতে পারেন। এ বক্তব্যের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মো. জাকির হোসেন অভিযোগ করেন, পৌরসভার সচিব, সিইও ও নির্বাহী প্রকৌশলী ডা. শেখ সাঈদ হাসান শুভ ও ভবেন্দ্র দে-কে সুবিধা দিতেই এ কাজ করছেন। তাঁর দাবি, যেখানে মাত্র দুটি পরিবার বসবাস করে সেখানে রাস্তা ও ড্রেন নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও শহরের অনেক জনবহুল এলাকার বেহাল সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টির প্রতিবাদ করায় ডা. শুভ ও ভবেন্দ্র দে-র লোকজন তাঁকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। এতে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে মো. জাকির হোসেন তাঁর পৈত্রিক সম্পত্তিতে সরকারি রাস্তা ও ড্রেন নির্মাণ বন্ধ এবং ইতোমধ্যে নির্মিত অংশ অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *