সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জামায়াতের এক নেতাকে পথরোধ করে লোহার রড ও পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মুজিবুর রহমান ঢালী (৬০) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রতিবাদে সকাল ১০টায় উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের নেতা মুজিবুর রহমান ঢালী নিজ মাছের ঘের থেকে বংশীপুর মোড় হয়ে বাড়ি ফিরছিলেন। পথে বংশীপুর এলাকায় বিএনপি নেতা ছাদেম চেয়ারম্যানের লোক হিসেবে পরিচিত বাবু ও মনাসহ ৫-৬ জন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে মোটরসাইকেলের চাবি নিয়ে তাকে লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। হামলায় আহত হয়ে মুজিবুর রহমান ঢালী সড়কে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।
হামলার সময় ছাদেম চেয়ারম্যান মিনা মসজিদের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং ঘটনাটি দেখছিলেন বলে ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মুজিবুর রহমান ঢালী বলেন, ‘আমি শুধু জামায়াতের রাজনীতি করি। এটা তারা সহ্য করতে পারে না। এটাই মূলত ঘটনার কারণ। অভিযুক্তদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই।’
এবিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ছাদেম চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া মেলেনি।
এদিকে হামলার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল হকের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুল, শহিদুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ক্রাইম বার্তা