আশাশুনির রাউতাড়া-আমাদী খেয়াঘাট সড়কের বেহাল দশা,চরম দুর্ভোগে হাজারো মানুষ

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের রাউতাড়া-আমাদী খেয়াঘাট সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।
কালকি স্লুইস গেটসংলগ্ন তিন রাস্তার মোড় থেকে রাউতাড়া হয়ে আমাদী খেয়াঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি ওয়াপদার বাঁধের ওপর নির্মিত। প্রায় ১০-১৫ বছর আগে সড়কটিতে ইটের সোলিং করা হলেও এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি। দীর্ঘদিনের ব্যবহারে ইট দেবে ও ভেঙে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অধিকাংশ ইট নষ্ট হয়ে সড়কের পাশে পড়ে থাকায় যানবাহন চলাচল তো দূরের কথা,পায়ে হেঁটেও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের মতে,রাউতাড়া ও খাজরা গ্রামের প্রায় সাড়ে ৩ হাজার মানুষ নিয়মিত এ সড়ক ব্যবহার করেন। পাশাপাশি আমাদী ও নাকশা খেয়াঘাট পার হয়ে আশাশুনি ও কয়রা উপজেলার বহু মানুষও সড়কটি দিয়ে যাতায়াত করেন।
সড়কটির পাশে রয়েছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া এলাকায় রয়েছে মসজিদ,মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে স্থানীয়দের খাজরা ও বড়দল বাজারে যেতে হলেও বেহাল সড়কের কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খাজরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রশিদ বলেন,“সড়কটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি একটি যোগাযোগপথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইটের সোলিং সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটির সংস্কারকাজ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।##

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *