ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মজিদ। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনী, আদর্শ, মানবিকতা ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও চরিত্র অনুসরণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সুন্দর চরিত্র গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় পবিত্র কোরআনের সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াতের মর্মার্থ তুলে ধরা হয়—‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহ (সা.)-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’
আলোচনা শেষে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *