জাতীয় উদ্ভাবনী মেলায় সেরা দশে পঞ্চম সাতক্ষীরার কৃতি সন্তান

স্টাফ রিপোটার: জাতীয় পর্যায়ের বৃহৎ উদ্ভাবনী আয়োজন ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ সাফল্য অর্জন করেছেন সাতক্ষীরার কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম। দেশব্যাপী অংশ নেওয়া বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের মধ্যে সেরা ১০টির তালিকায় স্থান করে নিয়ে তিনি পঞ্চম হয়েছেন।
ঢাকার ম্যাভেনউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (ইংলিশ মিডিয়াম) এ-লেভেলের শিক্ষার্থী সাইমুন। তিন দিনব্যাপী এ মেলা গত ১২ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হয়। এতে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা ও ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শিত হয়।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি বিশ্ববিদ্যালয়, গবেষক, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের উদ্ভাবকেরা অংশ নেন। সারাদেশ থেকে অংশ নেওয়া প্রকল্পগুলোর যাচাই-বাছাই শেষে সেরা ১০টি প্রকল্প নির্বাচন করা হয়।

আয়োজকেরা জানান, স্থানীয় উদ্ভাবনকে নীতি, শিল্প, বিনিয়োগ ও বাজারের সুযোগের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সেরা ১০টি প্রকল্পের প্রত্যেকটিকে যাতায়াত খরচ বাবদ ১০ হাজার টাকা এবং পুরস্কার হিসেবে এক লাখ টাকার চেক দেওয়া হয়।

সাইমুন ইসলাম সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান।

সাইমুনের এ সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে উদ্ভাবনী কর্মকাণ্ডে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর অভিভাবকেরা। একই সঙ্গে সাইমুনের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের ধারাবাহিকতার জন্য সাতক্ষীরাবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁরা।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *