সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ লাখ ৬৫ হাজার ৫২০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর, ভোমরা ও কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, উইন কোরেক্স কাশির সিরাপ, মোবাইল ফোনের ডিসপ্লে, প্রসাধনসামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, ওষুধ, পাতার বিড়ি, খৈনি, পানমসলা, মোবাইল ফোন ও তালা-চাবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২/৫-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতানী বাজার-নারাণজল সড়ক থেকে ৯৬ হাজার টাকা মূল্যের উইন কোরেক্স কাশির সিরাপ জব্দ করে।

ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ৩ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইসিপি এলাকা থেকে ৫৯ হাজার ৫২০ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনসামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, ওষুধ, পাতার বিড়ি, খৈনি, পানমসলা, মোবাইল ও তালা-চাবি জব্দ করে। কাকডাঙ্গা বিওপির দল কেড়াগাছি এলাকা থেকে ৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে।

এ ছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের পৃথক দুটি আভিযানিক দল কলারোয়া উপজেলার বোয়ালিয়া মাঠের বড়ই বাগান ও ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করে।

বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *