সাতক্ষীরায় দুই সন্তানকে রেখে গৃহবধূর নিখোঁজ, ইজিবাইক চালকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: মোঃ শামীম হোসেন

সাতক্ষীরা: সাতক্ষীরার ধুলিহার বড়ডল নাথপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে মনিরা খাতুন (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। পরিবারের অভিযোগ, গতকাল সকাল আনুমানিক ১০টার দিকে বোরকা কেনার কথা বলে সাতক্ষীরা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।

পারিবারিক সূত্রে জানা যায়, মনিরা খাতুন বড় খামার গ্রামের চায়ের দোকানদার সোলেমানের স্ত্রী। তিন দিন আগে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। পরদিন কৌশলে দুই সন্তানকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের দাবি, বাবার বাড়িতে আসার সময় তিনি সমিতি থেকে ঋণ নেওয়া ৭০ হাজার টাকা এবং কানের দুল সঙ্গে নিয়ে আসেন। পরবর্তীতে গতকাল সকালে বোরকা কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান।

এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বড় খামার গ্রামের ইজিবাইকচালক মিন্টুর সঙ্গে তিনি চলে গিয়ে থাকতে পারেন। ওই দিন মিন্টুও ইজিবাইকের চার্জার সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খোঁজ নিতে গেলে মনিরার বাবা-মা নিশ্চিত করেন যে, তিনি সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। বর্তমানে মনিরা ও মিন্টু—দুজনেরই মোবাইল ফোন বন্ধ রয়েছে।

সর্বশেষ শুক্রবার সকালে স্থানীয় সূত্রে জানা যায়, তারা দুজন খুলনায় মিন্টুর এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে। তবে এ তথ্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় মনিরার পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধান পেতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:

– ০১৭৮১২০৩৫২২
– ০১৩২১৫৭৫৭০০

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *