সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন ৩ জন রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামি দোলনের ৭ দিন, মিজানুর রহমান এবং আরিফ মাহমুদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সেলিম রেজা।

ওই আবেদনে বলা হয়, গ্রেপ্তার তিন আসামি ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া তাদের সঙ্গে মামলার পলাতক আসামিদের যোগাযোগ রয়েছে। আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন। মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে প্রত্যেকে  নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য দশ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।

এদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন, রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত আসামি দোলনের ৭ দিন, মিজানুর রহমান এবং আরিফ মাহমুদের ৪ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েক জনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানার এআসই তানভীর মেহেদী সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *