ভারতীয় নাগরিকের শরীর থেকে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এ ঘটনায় ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন ভোমরা বিওপির একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে আসা এক ভারতীয় পাসপোর্টধারী ব্যক্তির ওপর নজরদারি শুরু করেন বিজিবি সদস্যরা। পরে তাঁকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর শরীরের অভ্যন্তরে লুকিয়ে রাখা দুটি প্যাকেট শনাক্ত করা হয়। পরে প্যাকেট দুটি উদ্ধার করে সেগুলোর ভেতরে ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট পাওয়া যায়।

আটক ব্যক্তির নাম শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *