ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার সঙ্গে ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তারা ডিবি কার্যালয়ে রয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ডিবি বিষয়টি জানতে পারে এবং ঘটনাস্থলে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
তিনি বলেন, বর্তমানে তাদের সঙ্গে ডিবি কথা বলছে। তাদের নিরাপদে হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাকে জাতীয় প্রেসক্লাবে দেখা যায়।
ক্রাইম বার্তা