বাঘের থাবা থেকে বাঁচলেও জীবিকার লড়াইয়ে বিপর্যস্ত বাবলু

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে ভেঙেছিল হাতের হাড়; ছয় মাস পর মিলল এক লাখ টাকা ক্ষতিপূরণ

সাতক্ষীরা সংবাদদাতা: সুন্দরবনের গহিনে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন বাবলু গাজী। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। মুহূর্তেই জীবন-মৃত্যুর লড়াই। সঙ্গী মৌয়ালদের চিৎকার আর লাঠিসোঁটার প্রতিরোধে প্রায় ১৫ মিনিট পর বাঘের থাবা থেকে মুক্তি পান তিনি। প্রাণ নিয়ে ফিরলেও শরীরে বয়ে বেড়াতে হচ্ছে সেই আক্রমণের ক্ষত। ভেঙে গেছে ডান হাতের হাড়, দীর্ঘদিন কাটাতে হয়েছে চিকিৎসা আর অসহায়ত্বের মধ্যে।
বাঘের সঙ্গে সেই লড়াইয়ের ছয় মাস পেরিয়েছে। এবার জীবনের আরেক লড়াইয়ে নেমেছেন ৪৮ বছর বয়সী বাবলু—সংসার চালানোর লড়াই। সুন্দরবনে যেতে না পারায় বন্ধ হয়ে গেছে তাঁর উপার্জনের পথ। বুধবার (১১ নভেম্বর) সরকারের কাছ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ পেয়ে কিছুটা স্বস্তি মিলেছে তাঁর। কিন্তু আগের মতো কাজ করতে পারবেন কি না, সেই অনিশ্চয়তা কাটেনি।
বাবলু গাজীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে। গত ১০ মে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণের শিকার হন তিনি। বন বিভাগের বৈধ পাস নিয়ে যাওয়া মৌয়াল দলের সদস্য ছিলেন বাবলু।
সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বাবলু জানান, ঝোপের আড়াল থেকে হঠাৎ বাঘটি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে বাঁচাতে দলের অন্য সদস্যরা চিৎকার করে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসেন। প্রায় ১৫ মিনিট ধরে চলে বাঘের সঙ্গে লড়াই। একপর্যায়ে বাঘটি তাঁকে ছেড়ে বনের ভেতরে চলে যায়। গুরুতর আহত অবস্থায় গামছা দিয়ে ক্ষতস্থান বেঁধে সঙ্গীদের কাছে পৌঁছান তিনি। পরে নৌকায় করে তাঁকে লোকালয়ে নিয়ে আসা হয়।

প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বাবলুকে। চিকিৎসকেরা তাঁর ডান হাতের ভাঙা হাড়সহ শরীরের বিভিন্ন ক্ষতের চিকিৎসা ও অস্ত্রোপচার করেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় একদিকে বেড়েছে খরচ, অন্যদিকে বন্ধ থেকেছে আয়।
বাবলু গাজী বলেন, ‘বাঘের আক্রমণের পর বেঁচে ফিরব, সেটাই ভাবিনি। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছিল, হাতের হাড়ও ভেঙে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে। বনে কাজ করতে না পারায় সংসার চালাতেও কষ্ট হয়েছে। আজ এক লাখ টাকার চেক পেয়ে কিছুটা স্বস্তি লাগছে। এই টাকা সংসারের কাজে লাগবে। তবে আগের মতো আর কাজ করার সামর্থ্য নেই।’
সুন্দরবনের সঙ্গে বাবলুর সম্পর্ক বহু বছরের। মাত্র ১৩-১৪ বছর বয়সে বাবার হাত ধরে বনে যাওয়া শুরু। এরপর জীবনের বড় একটি সময় কেটেছে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করে। সুন্দরবনই তাঁর জীবিকার ভরসা। পরিবারের সদস্য মা-বাবা, স্ত্রী ও তিন সন্তান। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাঁর অসুস্থতা পুরো পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়।
বুধবার সকাল ১০টার দিকে শ্যামনগরে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে বাবলু গাজীর হাতে এক লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। ‘বন্য প্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা, ২০২১’ অনুযায়ী তাঁকে এ অর্থ দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান এবং সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম।
বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষ জীবিকার প্রয়োজনে বনে যান। সেখানে বাঘসহ বিভিন্ন বন্য প্রাণীর আক্রমণের ঝুঁকি রয়েছে। বৈধভাবে বনে গিয়ে কেউ বন্য প্রাণীর আক্রমণে আহত হলে তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা রেখেছে। বাবলু গাজী সেই বিধিমালা অনুযায়ী এক লাখ টাকা পেয়েছেন। বনজীবীদের নিরাপত্তায় নিয়মিত টহল, স্মার্ট প্যাট্রোলিং ও নাইলন ফেন্সিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, বাবলুর আহত হওয়ার খবর পাওয়ার পর ক্ষতিপূরণ বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে চেক দেওয়া হয়েছে। বাঘ ও মানুষের সংঘাত কমাতে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে বন বিভাগ কাজ করছে।
বাবলুর হাতে এখন এক লাখ টাকার চেক। কিন্তু যে সুন্দরবন এত দিন তাঁর পরিবারের মুখে খাবার তুলে দিয়েছে, সেই বনে আবার ফিরতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। বাঘের থাবা থেকে প্রাণ নিয়ে ফিরেছিলেন তিনি; এখন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তাঁর পরিবার।

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১১/১১/২৬
০১৭১২৩৩৩২৯৯

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *