শাস্তি নয়, বিশ্রাম- ‘হেড ডাউন’ পদ্ধতিতে পড়ায় মনোযোগ ফেরাচ্ছে আল-ফুরকান মাদ্রাসা

পঞ্চম শ্রেণির ১৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জনেও আলোচনায় প্রতিষ্ঠানটি

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা : শ্রেণিকক্ষে ছোট ছোট শিক্ষার্থী। কেউ চেয়ারে বসে মাথা নিচু করে আছে, কেউ চোখ বন্ধ করে নিচ্ছে বিশ্রাম। বাইরে থেকে দেখলে মনে হতে পারে, কোনো কারণে তাদের শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি শিশুদের জন্য নির্ধারিত বিশেষ বিশ্রামপদ্ধতি, যার নাম ‘হেড ডাউন’। একটানা পড়াশোনার ক্লান্তি কাটিয়ে পরবর্তী ক্লাসে নতুন উদ্যমে মনোযোগ ফেরাতেই এ ব্যবস্থা। সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়সংলগ্ন আল-ফুরকান মাদ্রাসায় চালু হওয়া এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রচলিত পাঠদানের পাশাপাশি শিশুদের মানসিক স্বস্তি ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরিতে প্রতিষ্ঠানটি এমন পদ্ধতি অনুসরণ করছে।

১১ নভেম্বর বুধবার প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে নার্সারি শ্রেণিকক্ষে দেখা যায়, শিক্ষার্থীরা নিজেদের চেয়ারে মাথা নিচু করে নির্দিষ্ট সময় বিশ্রাম নিচ্ছে। এটি কোনো শাস্তি বা শৃঙ্খলামূলক ব্যবস্থা নয়। বরং পাঠের ফাঁকে শিশুদের কিছুটা বিরতি দেওয়ার একটি কৌশল। শিক্ষকদের মতে, এতে একটানা পড়াশোনার ক্লান্তি কাটিয়ে শিশুরা পরবর্তী পাঠে মনোযোগী হওয়ার সুযোগ পায়।
নার্সারি শ্রেণির শিক্ষার্থী ওয়াসিমা জানায়, ‘এটা আমাদের কোনো শাস্তি নয়। এভাবে কিছুক্ষণ বিশ্রাম নিলে পরের ক্লাসে পড়তে ভালো লাগে। তখন মনোযোগ দিয়েও পড়তে পারি।’
একই শ্রেণির শিক্ষার্থী সেলি আদিলের কথায়ও উঠে আসে একই অভিজ্ঞতা। তার মতে, এটি পড়াশোনারই একটি কৌশল। বিশ্রামের পর নতুন করে পড়ায় মন বসাতে সুবিধা হয়।

সূত্রমতে, সাতক্ষীরা আল-ফুরকান মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের নিজস্ব কারিকুলাম অনুসরণ করে পাঠদান করা হয়। প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে শিশুদের উপযোগী নতুন কিছু পদ্ধতি যুক্ত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় ‘হেড ডাউন’ বিশ্রামপদ্ধতি চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্বে থাকা মাহমুদুল হাসান বলেন, ‘আমরা বাংলাদেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি চীন, জাপানসহ উন্নত বিশ্বের বিভিন্ন শিক্ষাপদ্ধতির ইতিবাচক দিকগুলো পর্যবেক্ষণ করি। সেখান থেকে শিশুদের জন্য উপযোগী বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠানে প্রয়োগের চেষ্টা করছি। আমাদের লক্ষ্য, শাস্তির পরিবর্তে আনন্দময় পরিবেশে পাঠদান নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ‘শিশুদের ওপর পড়াশোনার অতিরিক্ত চাপ না দিয়ে তাদের মনস্তাত্ত্বিক অবস্থা বিবেচনায় নেওয়া জরুরি। শিক্ষার্থীরা যেন ভয় নয়, আনন্দ ও আগ্রহ নিয়ে প্রতিষ্ঠানে আসে, সে পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।’

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী জানান, শুধু ব্যতিক্রমী পাঠদান নয়, ফলাফলেও সাফল্যের দাবি করছে প্রতিষ্ঠানটি। চলতি বছর পঞ্চম শ্রেণির ১৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এ অর্জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। অভিভাবকদের প্রত্যাশা, শিশুবান্ধব পরিবেশ, নিয়মিত পাঠদান ও শিক্ষার মান বজায় রেখে প্রতিষ্ঠানটি এ ধারাবাহিকতা ধরে রাখবে।

শিক্ষাবিদদের মতে, শিশুদের শেখার ক্ষেত্রে আনন্দ, আগ্রহ ও মানসিক স্বস্তি গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় পাঠদানের ফাঁকে পরিকল্পিত বিরতির মতো উদ্যোগ শিক্ষার্থীদের জন্য সহায়ক হতে পারে। তবে এ ধরনের পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে শিশুদের বয়স, স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া জরুরি।

সব মিলিয়ে সাতক্ষীরা আল-ফুরকান মাদ্রাসার ‘হেড ডাউন’ পদ্ধতি প্রচলিত পাঠদানের বাইরে একটি ভিন্ন উদ্যোগ হিসেবে নজর কেড়েছে। শিশুদের কাছে শিক্ষাকে আনন্দময় করে তোলার এ প্রচেষ্টা কতটা কার্যকর হয়, তা সময়ই বলে দেবে। তবে শাসন ও চাপের পাশাপাশি বিশ্রাম, আনন্দ এবং শিশুর মানসিক স্বাচ্ছন্দ্যকেও যে শিক্ষার অংশ হিসেবে বিবেচনা করা যায়, সেই বার্তাই দিচ্ছে প্রতিষ্ঠানটির উদ্যোগ।

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১১/১১/২৬

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *