সাতক্ষীরায় ৬৯ শতাংশ পরিবারই পৌরসভার সুপেয় পানির বাইরে

দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানিতে ভোগান্তি

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার সরবরাহ করা পানিতে দুর্গন্ধ, ময়লা, এমনকি কেঁচোও পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। ফলে পান করা তো দূরের কথা, দৈনন্দিন কাজেও এ পানি ব্যবহার করতে অনীহা বাড়ছে। বাধ্য হয়ে অনেক পরিবারকে খাবার ও রান্নার জন্য প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টাকা ব্যয়ে জারের পানি কিনতে হচ্ছে। অথচ পৌরসভার মোট পরিবারের মাত্র ৩১ শতাংশের কাছে রয়েছে পানি সরবরাহের সংযোগ। সংযোগ থাকা পরিবারগুলোরও অনেকে মানসম্মত পানি পাচ্ছেন না।

সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘শহরের নিম্নআয়ের মানুষের সুপেয় পানির সংকট ও সমাধানে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপে এসব তথ্য উঠে আসে। সংলাপে নিম্নআয়ের মানুষের পানির সংকট নিরসনে আট দফা সুপারিশ তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সংলাপে উপস্থাপিত ধারণাপত্রে বলা হয়, গত এক দশকে সাতক্ষীরা শহরের জনসংখ্যা ও আয়তন বাড়লেও পানি সরবরাহের পরিমাণ ও মান সেই অনুপাতে বাড়েনি। বর্তমানে পৌরসভার কাগজে-কলমে পানি সরবরাহের সংযোগ রয়েছে প্রায় ১১ হাজার ৩০০টি। পৌরসভার মোট ৩৬ হাজার ২৯৯টি পরিবারের তুলনায় এ সংখ্যা মাত্র ৩১ শতাংশ। অর্থাৎ প্রায় ৬৯ শতাংশ পরিবারই পৌরসভার পাইপলাইনের পানি সরবরাহের আওতার বাইরে।

ধারণাপত্রে আরও বলা হয়, সংযোগ থাকলেও সব গ্রাহক নিয়মিত পানি পান না। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পৌরসভার পানি উৎপাদনক্ষমতা অর্ধেকেরও নিচে নেমেছে। অন্যদিকে সরবরাহ করা পানির মান নিয়েও রয়েছে গ্রাহকদের অসন্তোষ। পানির নিম্নমানের কারণে অনেকে সংযোগ বিচ্ছিন্ন করছেন। ফলে শহরে পানির চাহিদা বাড়ার কথা থাকলেও পৌরসভার সরবরাহ ব্যবস্থায় উল্টো সংকট বাড়ছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সংলাপে বদ্দীপুর কলোনির বাসিন্দা জাহানারা খাতুন ও মরিয়ম খাতুন তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তাঁরা জানান, প্রতিবছর অতিবৃষ্টির সময় প্রায় ছয় মাস তাঁদের পানিবন্দী অবস্থায় থাকতে হয়। এ সময় খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। পৌরসভার মধ্যে বসবাস করেও তাঁরা এখনো সুপেয় পানির সংযোগ পাননি।

অধ্যাপক পবিত্র মোহন দাস বলেন, খাবার ও রান্নার পানির জন্য প্রতি মাসে প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকার জারের পানি কিনতে হয়। পৌরসভা প্রয়োজনীয় পানির ব্যবস্থা করতে পারলে মাসে প্রায় ২০০ টাকার মধ্যেই এ চাহিদা পূরণ করা সম্ভব হতো।

সংলাপে আট দফা সুপারিশের মধ্যে রয়েছে—সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পানি সরবরাহ ও পরিশোধনব্যবস্থা নিশ্চিত করা; প্রতিটি বাড়িতে ছাদের বৃষ্টির পানি সংরক্ষণ ও কুয়া তৈরিতে উদ্যোগ নেওয়া; ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য জলাধার খনন, পানি পরিশোধন ও সরবরাহের দীর্ঘমেয়াদি ব্যবস্থা গড়ে তোলা; বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায় পানির ট্যাপ স্থাপন; পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইন কার্যকর করে পুকুর ভরাট বন্ধ করা।

এ ছাড়া বাজারজাত করার আগে জারের ও সরবরাহ করা পানির আর্সেনিক, আয়রন, লবণাক্ততা ও পিএইচের মাত্রা পরীক্ষা করে ফলাফল অনলাইনে প্রকাশ, পানি সরবরাহ অবকাঠামোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে পৃথক বরাদ্দ, পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় এবং নিরাপদ পানি সরবরাহে পৌরসভার পদক্ষেপ ও নতুন সংযোগ প্রদানের সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশের সুপারিশ করা হয়।

সাতক্ষীরা গ্রিন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ শাখার প্রকৌশলী নিমাই চন্দ্র পাল। স্বাগত বক্তব্য দেন বারসিকের উপকূলীয় অঞ্চল সমন্বয়কারী মো. শাহীন ইসলাম। ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার।

এ সময় বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ।
এ ছাড়া বদ্দীপুর কলোনির সাবিহা সুলতানা, রহমতপুর কলোনির ফাতেমা খাতুন, বোসপাড়ার আকলিমা খাতুন, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের তাপস সরকার, রিজাউল করিম, মৃত্যুঞ্জয় রায় এবং বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা
১৬/১১/২৬
০১৭১২৩৩৩২৯৯

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *