কালিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আটক, ছাড়াতে ম্যাজিস্ট্রেটের ফোন!
ক্রাইম রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তারালী ইউনিয়ন শাখার সভাপতি সরদার আশরাফুলকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ নভেম্বর বিকেল ৪টার দিকে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া চাঁদাবাজি, অপহরণ, হত্যাচেষ্টা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ ও মিছিল করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এদিকে গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে সুপারিশ করার অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান সোহাগের বিরুদ্ধে।কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ম্যাজিস্ট্রেটের ফোন করে সুপারিশ করার বিষয়টি নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান সোহাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা কোটায় ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতার হওয়া রাজনৈতিক নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে সুপারিশ করার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।তবে এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান সোহাগের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
ক্রাইম বার্তা