২৫ ডিসেম্বর সাতক্ষীরায় জামায়াত আমীরের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

মাঠ পরিদর্শন করলেন জেলা জামায়াতের আমীরসহ নেতৃবৃন্দ

সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ৫ ডিসেম্বর সাতক্ষীরা আগমন ও ঐতিহাসিক জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা জামায়াত। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টার টানানোর পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে তোরণ নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে সভাস্থল সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে বিশাল প্যান্ডেল নির্মাণের কাজ।

প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তাঁরা মাঠের সার্বিক পরিবেশ, প্যান্ডেল নির্মাণ, প্রবেশ ও বের হওয়ার পথ এবং জনসমাগম ব্যবস্থাপনার বিভিন্ন দিক ঘুরে দেখেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট আবু তালেব, নাসির উদ্দিন খানসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

তিনি বলেন, “২৫ ডিসেম্বর সাতক্ষীরায় জামায়াতের আমীর জননেতা ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আশা করছি, এ জনসভায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে।”

তিনি আরও বলেন, একই দিন সকালে নারীদের সমাবেশ এবং দুপুর ২টায় পুরুষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। দুটি কর্মসূচিকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি জামায়াতের নিজস্ব শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থা রাখা হয়েছে। মাইকিং, পোস্টার, প্রচার-প্রচারণাসহ কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জনসমাগমের বিষয়ে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে দেড় থেকে দুই লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। পাশাপাশি সাতক্ষীরার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য এবং আশপাশের এলাকার জনপ্রতিনিধিরাও এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন।”

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
২৭/১১/২৬
০১৭১২৩৩৩২৯৯

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *