শ্যামনগর প্রতিনিধি:সড়ক পথের বেহাল দশায় সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ-নীলডুমুর পর্যটন স্পট ভরা মৌসুমেও পর্যটক শূন্য। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এসব স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকলেও এবার তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না। এর প্রভাব পড়তে শুরু করেছে সাতক্ষীরা রেঞ্জের রাজস্ব আদায়ে।
পরিসংখ্যান বলছে গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে সাতক্ষীরা রেঞ্জ থেকে রাজস্ব আদায় হয়েছিল প্রায় ১৬ লাখ টাকা। চলতি বছর একই সময়ে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৬ লাখে অর্থাৎ ৬৫ শতাংশেরও বেশি ধস। সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রাজস্ব কমলে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজও ব্যাহত হয়। পর্যটন না বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
জানা গেছে, সাতক্ষীরা রেঞ্জে পর্যটক শূন্যতার প্রধানতম কারণ সড়ক পথের বেহাল দশা। সাতক্ষীরা থেকে শ্যামনগর মহাসড়কের প্রশস্ত করণের কাজ শুরু হয়েছে, চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি। এতে এই রাস্তা প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ধুলা-বালি আর খানা-খন্দের কারনে অনেক পরিবহন ইতোমধ্যে তাদের সেবা বন্ধ করে দিয়েছে।
সুন্দরবন অঞ্চলের ট্যুর গাইড মোঃ আনিসুর রহমান খুলনা গেজেটকে বলেন, “রাস্তা ঘাটের এই দুরঅবস্থার কারণে বাইরের পর্যটকরা এদিকে আসতে চাচ্ছে না। তবে জেলেদের মাঝে ডাকাত ভীতি থাকলেও পর্যটকদের ডাকাত এবং বন বিভাগের পাস সংক্রান্ত কোনো জটিলতা নেই।”
খোঁজ নিয়ে জানা গেছে এই মৌসুমে উপকূলের পর্যটক নির্ভর জীবন ব্যবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন। অসহায় জীবন যাপন করছেন এই অঞ্চলের পর্যটন শিল্পের সাথে জড়িত মানুষ গুল। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে তাদের এই কষ্টের জীবন কিছুটা ঘুচবে এমনটা মনে করেন তারা।
তবে আশার কথা হচ্ছে সুন্দরবনকে আদর্শ পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে বেশ কিছু মহা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সোনার বাংলা ম্যানগ্রোভইকো-ট্যুরিজম এর কর্নধার নাজমুস সাদাত পলাশ। তিনি বলেন, “সুন্দরবনকে আরোও আকর্ষনীয় করে গড়ে তুলতে উপকূলীয় এলাকার উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থা, সোনার বাংলা ম্যানগ্রোভ ইকোট্যুরিজম, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা, কারাম মুরা ম্যানগ্রোভ ভিলেজ এই চার সুনামধন্য প্রতিষ্ঠান একত্রিত হয়েছি।
সুন্দরবনের বর্তমান পর্যটন ব্যবস্থায় বিশৃঙ্খলা, পরিবেশের ঝুঁকি, স্বচ্ছতার ঘাটতি এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে একটি টেকসই, বিজ্ঞানভিত্তিক ও কমিউনিটি-নেতৃত্বাধীন মডেল নিয়ে কাজ করছি। ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেলে রয়েছে ইকো-বোট, ইকো-কটেজ, ইকো-গাইড, ইকো-টুরিস্ট ব্যবস্থাপনা, এনটিএফপি (ঘঞঋচ) সেন্টার, জীবনযাত্রা জাদুঘর, আদিবাসী সংস্কৃতি প্রচার, ম্যানগ্রোভপুনরুদ্ধার সহ অন্যান্য কর্মসূচি দেশি-বিদেশি পর্যটকদের সুন্দরবনে টেনে আনতে সহায়ক ভূমিকা পালন করবে।
ক্রাইম বার্তা