সাতক্ষীরায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৫৭ জন

সারাদেশে অনুপস্থিত ১১ হাজার ৮৯০ জন, বহিষ্কৃত ৬ জন

আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরায় সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমনমান পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। এ পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৫৭ জন। মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন শহরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্তকতাগণ। তিনি জানান, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন ইতোমধ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সার্বিক তদারকি জোরদার করা হয়েছে। চলতি বছর জেলায় মোট ২১ হাজার ১৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অনুপস্থিত ছিল ৪শ ৫৭ জন। জেলায় ৫১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ২৯টি এসএসসি, ১৪টি দাখিল এবং ৮টি ভোকেশনাল কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে মোট পরীক্ষাথী ১৪,৩৩৩ জন, দাখিলে ৫,৬৭২ জন এবং কারিগরিতে ১,১২৭ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর জানান, এবারের পরীক্ষায় দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না। এক কেন্দ্রের শিক্ষক অন্য কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, যা রোটেশনাল ডিউটি হিসেবে কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ পরীক্ষার স্বচ্ছতা আরও বৃদ্ধি করবে। এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মঙ্গলবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। তারা পরীক্ষার জন্য ফরম পূরণ করেও পরীক্ষা দেয়নি। এ ছাড়া প্রথম দিনে অসদুপায়ের জন্য বহিষ্কৃত হয়েছে ছয় পরীক্ষার্থী। এর মধ্যে চারজন মাদ্রাসা শিক্ষা বোর্ডের, একজন ঢাকা শিক্ষা বোর্ড ও আরেকজন দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কোরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। গতবারের তুলনায় এবার ৭৯ হাজারের বেশি পরীক্ষার্থী কমেছে। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে দেওয়া তথ্যানুযায়ী ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ১১ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৯ হাজার ২৫০ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন। গত বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীন এই পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ পরীক্ষার্থী। তার আগের বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৯ হাজার ৩৫৯ পরীক্ষার্থী। গতবার অনুপস্থিত থাকার কারণ চেষ্টা করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। তাদের বোর্ডে গত বছরের এসএসসি পরীক্ষায় ছয় হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রাপ্ত পাওয়া তথ্যানুযায়ী ১ হাজার ২০৩ জনের তথ্য বলছে, প্রায় ৪০ শতাংশের (৪৮১) বিয়ে হয়েছিল। এ ছাড়া ৭ শতাংশের বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল পারিবারিক অসচ্ছলতার জন্য কর্মক্ষেত্রে যোগ দেওয়ার কারণে। অন্যরা অসুস্থতা, প্রস্তুতি ভালো না থাকাসহ নানা কারণে পরীক্ষায় অংশ নেয়নি।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *