সাতক্ষীরার বসন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত, বিজিবি’র অস্বীকার

সাতক্ষীরা সংবাদদাতাঃ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছে। বুধবার (৩ জুন) ভোর রাত ২টার দিকে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত সংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হন।
আহত বাংলাদেশি নাগরিকরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) ও একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহিন (২৮)।
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মহিউদ্দিন ও শাহীন গত এক বছর আগে অবৈধ পথে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে কলকাতা হয়ে তামিলনাড়ু রাজ্যে গিয়েছিলেন। তারা সেখানে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখান থেকে দেশে ফিরে আসার পথে বুধবার ভোর রাত ২টার দিকে কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমন্ত সংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী অতিক্রম করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা দু’জন গলিবৃদ্ধ হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে ভোর রাত পৌনে ৫টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালের রেফার্ড করেন।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজায়েত হোসেন জানান, ভোররাত পৌনে পাঁচটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে জরুরি বিভাগে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত দু’জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তারা বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুই জনের অবস্থা গুরুতর হয় তাদেরকে সাতক্ষীরায় পাঠানো হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরের নিলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার রাজিব সীমান্তে গুলি বর্ষণের ঘটনা অস্বীকার করে বলেন, গতরাতে উপ-অধিনায়ককে সঙ্গে নিয়ে তিনি নিজেই বাঁশঝাড়িয়া ও শৈলপুর সহ সীমান্ত এলাকায় ছিলেন। তার ব্যাটালিয়নের আওতাধীন কোন সীমান্ত এলাকায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এদিকে সীমান্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময় সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলোও দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছে।

 

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৩/৬/২৬

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *