বিভাজনের দেয়াল ভেঙে সাতক্ষীরায় ঐক্যবদ্ধের আহবান নেতাকর্মীদের সংবর্ধনায় সিক্ত হলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

আবু সাই্দ বিশ্বাস: সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব দলীয় নেতাকর্মীদের গণসংবর্ধনায় সিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (৬ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ চত্বর-এ এ উপলক্ষে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনাকে কেন্দ্র করে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এক মঞ্চে সমবেত হয়ে দলীয় ঐক্যের আহ্বান জানান। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রাহমতউল্যাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক আহ্বায়ক আইনজীবী সৈয়দ ইফতেখার আলী, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, বিএনপি নেতা আবদুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাস্টার আবদুল ওয়াহেদ, হাসান হাদী, তারিকুল ইসলাম এবং সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির শীর্ষ নেতারা। সকাল থেকেই জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে জেলা পরিষদ চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তারা তাঁদের বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-সহ প্রয়াত নেতা-কর্মী ও শহীদদের। একই সঙ্গে রাজনৈতিক আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী এবং কারাবরণকারী নেতা-কর্মীদের প্রতিও সমবেদনা জানানো হয়। বক্তারা বলেন, অনৈক্যের কারণে অতীতে সাতক্ষীরার চারটি আসনেই বিএনপি পরাজিত হয়েছিল। তবে এখন সেই বিভাজনের দেয়াল ভেঙে দল ঐক্যবদ্ধ হয়েছে। আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্য নিয়ে এই ঐক্যকে আরও সুসংহত করার আহ্বান জানান তারা। দায়িত্ব গ্রহণের পর হাবিবুল ইসলাম হাবিব বলেন, জেলা পরিষদের দরজা এখন থেকে সাধারণ মানুষের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। সাতক্ষীরার সার্বিক উন্নয়নে জেলা পরিষদ ও সরকার সমন্বিতভাবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, “সাতক্ষীরাকে একটি আদর্শ, দুর্যোগ-সহনশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে পারলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।” অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের নেতা আনিসুজ্জামান আজাদী।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *