সাতক্ষীরা পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেন ও কালভার্টের বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগ লাঘবে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সংসদে উপস্থাপিত নোটিশে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের অভাবে সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব স্থানে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মুহা: আব্দুল খালেক সংসদে দাবি জানান, সাতক্ষীরা পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাটের উন্নয়ন ও পুনর্র্নিমাণ, প্রয়োজনীয় স্থানে নতুন কালভার্ট নির্মাণ, জরাজীর্ণ কালভার্ট সংস্কার এবং আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হোক।
তিনি আরও বলেন, অনেক এলাকায় প্রয়োজনীয় ড্রেন না থাকা, বিদ্যমান ড্রেন ভরাট ও অপরিষ্কার হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করছে। ফলে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে যাতায়াতে সাধারণ মানুষকে নানাভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকার ছোট-বড় একাধিক কালভার্ট জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানে নতুন কালভার্ট নির্মাণের প্রয়োজন থাকলেও তা দীর্ঘদিন ধরে বাস্তবায়িত হয়নি, যা জননিরাপত্তা ও যান চলাচলের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মুহা: আব্দুল খালেক সংসদে দাবি জানান, সাতক্ষীরা পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তা-ঘাটের উন্নয়ন ও পুনর্র্নিমাণ, প্রয়োজনীয় স্থানে নতুন কালভার্ট নির্মাণ, জরাজীর্ণ কালভার্ট সংস্কার এবং আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হোক।
তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পৌরবাসী জলাবদ্ধতা ও দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে নিরাপদ ও আধুনিক নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন।
ক্রাইম বার্তা