ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নে খুলনা বিভাগের দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা অর্জন করল সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা

প্রেস বিজ্ঞপ্তি : ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বার্ষিক মূল্যায়নে খুলনা বিভাগের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবজনক সম্মাননা অর্জন করেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা। শিক্ষা প্রতিষ্ঠানের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং সমগ্র সাতক্ষীরাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
গত ৩০ জুন ২০২৬, মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ এফ এম এহসানুল হক মিলন মহোদয়ের উপস্থিতিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভাইস চ্যান্সেলর) হাত থেকে খুলনা বিভাগের দ্বিতীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি মাওলানা আখতারুজ্জামান।
শিক্ষার গুণগত মান, পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা, শৃঙ্খলাপূর্ণ শিক্ষা পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং সামগ্রিক একাডেমিক উৎকর্ষের ভিত্তিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এ সম্মাননা প্রদান করে। এই অর্জন প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম, ঐতিহ্য এবং মানসম্মত শিক্ষা কার্যক্রমের একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।
সম্মাননা গ্রহণ শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি মাওলানা আখতারুজ্জামান বলেন, এ সম্মাননা সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা পরিবারের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও আন্তরিকতার ফল। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পরিচালনা পর্ষদ, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও ইসলামী আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ, নৈতিক, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক গড়ে তুলতে আমরা আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ। এ গৌরবোজ্জ্বল অর্জনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, পরিচালনা পর্ষদ, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের শুভানুধ্যায়ীরা গভীর আনন্দ প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও মাদ্রাসা পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *