বাজেট বরাদ্দ আগে গোপালগঞ্জে যেত, এখন যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাজেট বরাদ্দ আগে গোপালগঞ্জে যেত, এখন যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে।’

গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্তে পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে শনিবার ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে নাহিদ বলেন, ‘আমরা আশা করেছিলাম, সরকার তাদের প্রথম বাজেটে রংপুরবাসীর প্রতি সুনজর দেবে। কিন্তু রংপুরের প্রতি বৈষম্য করা হয়েছে। রংপুর বিভাগের বেশিরভাগ আসন বিরোধীদলের হওয়ার কারণে বরাদ্দ পরিকল্পিতভাবে কমিয়ে দেওয়া হয়েছে। রংপুরে কোনো বড় উন্নয়ন প্রজেক্ট রাখা হয়নি। বরাদ্দের সব যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে। গোপালগঞ্জ প্রতিস্থাপিত হয়েছে বগুড়ার শিবগঞ্জ। কিন্তু যারা প্রকৃত বৈষম্যের শিকার, তারা বরাদ্দ পাচ্ছে না।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘সরকারি দলের এমপিরা যে বরাদ্দ পান, বিরোধী দলের এমপিরা তার এক-তৃতীয়াংশও পাচ্ছেন না। আমরা সংসদে বলেছি, যদি বিরোধীদলের এমপিদের সঙ্গে আপনার শত্রুতা থাকে, তাহলে আমাদের বেতন বন্ধ করুন, কিন্তু জনগণকে তাদের হক থেকে বঞ্চিত করার অধিকার আপনাদের কেউ দেয়নি।’

নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী যে চীন সফর করলেন, তার অর্জন শূন্য। এই সফর থেকে আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো প্রতিশ্রুতি পাইনি। আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো প্রতিশ্রুতি পাইনি। দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তারেক রহমান পৃথিবীর কোনো জায়গা থেকে কোনো সাহায্য পাবেন না। গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে সাহায্য আসবে না। আইএমএফ এরইমধ্যে বলে দিয়েছে, ঋণ দেবে না।’

সমাবেশে ১১ দলের নেতারা বক্তব্য রাখেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *