সাতক্ষীরার বড় বাজারে সিরাজ স্টোরের গোডাউন থেকে মালামাল সরানোর অভিযোগ; তিন কর্মচারী আটক, বাজার কমিটির সিদ্ধান্তে জরিমানা।

ভ্রাম্যমাণ প্রতিনিধি : মোঃ খালিদ হাসান সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী বড় বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন থেকে দীর্ঘদিন ধরে মালামাল সরানোর অভিযোগে তিন কর্মচারীকে আটক করার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাজারের সিরাজ স্টোরের মালিকের অভিযোগ, প্রতিষ্ঠানের গোডাউন থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্য বাইরে সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে সন্দেহের পর নজরদারি বাড়ানো হলে শনিবার অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয় বলে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানের কর্মচারী আব্দুর রহমান ও নয়নের সঙ্গে কোম্পানির ড্রাইভার ইমরান ভ্যানযোগে গোডাউন থেকে মালামাল সরিয়ে নিচ্ছিলেন। এ সময় দোকান কর্তৃপক্ষ তাদের আটক করেন। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর বাজার কমিটির উদ্যোগে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অভিযোগের বিষয়ে আলোচনা শেষে তিন অভিযুক্তের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। তবে অভিযুক্ত তিন কর্মচারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। এছাড়া এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *