কুয়েতে মার্কিন স্থাপনায় ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার রাতে কুয়েতের সশস্ত্র বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সাথে নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

এর কিছুক্ষণ আগে ইরানের কিশ ও কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে ওই দুটি দ্বীপ লক্ষ্য করে নতুন করে হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান।

খবরে বলা হয়, গত তিন দিন ধরে কিশ ও কেশম দ্বীপে একাধিকবার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম দ্বীপ ইরানের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হরমুজ অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ এবং এ এলাকার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমা বিভিন্ন সূত্রের দাবি, দ্বীপটিতে ইরান বিপুল পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুদ করে রেখেছে। এ কারণেই সাম্প্রতিক সময়ে দ্বীপটি বারবার মার্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সূত্র: আল জাজিরা

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *