শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান
সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট সভাপতি-সভানেত্রী সম্মেলনে আতিকুর রহমান
সাতক্ষীরা সংবাদদাতা:
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইউনিট সভাপতি-সভানেত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৯টায় মরহুম কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জতউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
সম্মেলনে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল গফফার।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, অঞ্চল সহকারী শেখ নূরুল হুদা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আজিজুর রহমান, কেন্দ্রীয় পরিবহন সেক্রেটারি আল ফিদা, কেন্দ্রীয় কর্মসংস্থান সভাপতি গোলাম রসুল এবং আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থার অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা উপেক্ষিত হয়েছে। শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে জুলুম, শোষণ ও বৈষম্যের যে ব্যবস্থা চালু রয়েছে, তা থেকে শ্রমজীবী মানুষকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, সামাজিক মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। শ্রমিককে কেবল উৎপাদনের উপকরণ হিসেবে বিবেচনা না করে একজন মানুষ হিসেবে তার মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি শ্রমিক ও মালিকের মধ্যে ন্যায়, দায়িত্ব ও পারস্পরিক অধিকার প্রতিষ্ঠার কথা বলে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং শ্রমের যথাযথ মূল্যায়ন করা ইসলামী শ্রমনীতির অন্যতম শিক্ষা। তাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক ও ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন জরুরি।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং শ্রমিকদের মর্যাদা রক্ষায় ন্যায়ভিত্তিক ও ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অপরিহার্য। শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইউনিট সভাপতি-সভানেত্রীরা উপস্থিত ছিলেন।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১৮/৭/২৬
০১৭১২৩৩৩২৯৯
ক্রাইম বার্তা