জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ব্যক্তিগত গাড়িচালক সুমনের জানাজা সম্পন্ন জানাজায় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-কৈখালী বিলের একটি মৎস্যঘের থেকে মরদেহ উদ্ধারের পর জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মনোয়ার হোসেন মোমিনের ব্যক্তিগত গাড়িচালক সুমন (৩৫)-এর জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার কৈখালী গ্রামে নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় মুসল্লি, আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি মরহুম সুমনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় তদন্তের আহ্বান জানান। জানাজার আগে আয়োজিত সংক্ষিপ্ত শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর ও সাবেক সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা এবং সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মনোয়ার হোসেন মোমিন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের চেয়ারম্যান প্রার্থী শহিদ হাসানসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে সোমবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-কৈখালী বিলের একটি মৎস্যঘের থেকে সুমনের মরদেহ উদ্ধার করে।

নিহত সুমন কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নম্বর লাবসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনোয়ার হোসেন মোমিনের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লোহার কাটার দুটি ব্লেড, একটি বাটন মোবাইল ফোন, একটি সিগারেটের প্যাকেট এবং পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করা হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, ঘটনাটি রহস্যজনক এবং এর সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *