সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে আরও দুটি বিয়ে করার পরামর্শ দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। তিনি বলেছেন, ‘ইসলামে একাধিক বিয়ে বৈধ, তাই গাজী নজরুল চাইলে আরও দুটি বিয়ে করতে পারেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় রফিক উল্লাহ আফসারী বলেন, ‘স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে কাউকে হেয় করা উচিত নয়। তার ভাষায়, বিবাহ একটি পবিত্র সম্পর্ক এবং এটি আল্লাহ ও তার রাসুলের (সা.) পক্ষ থেকে মানবজাতির জন্য একটি নিয়ামত।’
গাজী নজরুল ইসলামকে উদ্দেশ করে আফসারী বলেন, ‘গাজী নজরুল ইসলাম ভাই, সাতক্ষীরার সম্মানিত এমপি, আপনাদের স্বামী-স্ত্রীর ভিডিও ভাইরাল করে কী শান্তিটা পেল?’
মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন এটি বড় কোনো অপরাধ। তার দাবি, বিবাহিত জীবনের ব্যক্তিগত মুহূর্ত জনসমক্ষে ছড়িয়ে দেওয়া সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং এতে অনেক মানুষ বিব্রত হন।
এ সময় তিনি বলেন, ‘উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরও দুইটা বিয়ে করা। হালাল জিনিস, এতে কোনো শরম নেই। যারা এ ধরনের ভিডিও ভাইরাল করছেন, তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।’
গাজী নজরুল ইসলামের জন্য দোয়া করে আফসারী বলেন, ‘আল্লাহ যেন তার গুনাহ মাফ করেন, তাকে উত্তম জীবন দান করেন এবং তার বংশের মর্যাদা কিয়ামত পর্যন্ত অটুট রাখেন।’
ভিডিওবার্তায় তিনি আরও বলেন, ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তবে যারা এসব ভিডিও ছড়িয়ে দিচ্ছেন, তাদের একদিন সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে।
প্রসঙ্গত, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ভিডিওটি পরিকল্পিতভাবে ধারণ ও ছড়িয়ে দেওয়া হয়েছে।
ক্রাইম বার্তা