দলীয় বহিষ্কারের পর এমপি পদ হারানোর ঝুঁকিতে গাজী নজরুল
#নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা # পাঁচজনের বিরুদ্ধে মামলা: গ্রেফতার ১# দলের নীতি-আদর্শ ও নৈতিক মানদণ্ড রক্ষায় জামায়াত অদ্বিতীয়
আবু সাইদ বিশ্বাস: নৈতিক স্খলনজনিত বিতর্ক এবং ব্যক্তিগত গাড়িচালককে হত্যাচেষ্টার মামলায় জড়িয়ে চরম রাজনৈতিক ও আইনি সংকটে পড়েছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার তাকে প্রাথমিক সদস্যপদসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংবিধান বিশেজ্ঞাদের মতে, যদি কোনো দল কাউকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বরখাস্ত করে এবং জাতীয় সংসদের স্পিকারের কাছে তার এমপি পদ রহিত করার জন্য আবেদন করে তাহলে এমপি পদ বাতিল হওয়ার রেওয়াজ আছে। আওয়ামী লীগের সংসদ সদস্য লতিফ সিদ্দিকির ক্ষেত্রে এমনটাই ঘটেছিল। আর কোনো দল যদি শুধু সাংগঠিক পদ বাতিল করে এবং স্পিকারের কাছে এমপি পদ বাতিলের আবেদন না করে তাহলে এমপি পদ বাতিল হওয়ার সম্ভাবনা নেই। নবম জাতীয় সংসদের জাতীয় পার্টির এমপি সাতক্ষীরা ৪ আসনের এইচএম গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করা হলেও স্পিকারকে আনুষ্ঠানিকভাবে না জানানোর কারণে তার সংসদ সদস্য পদ বহাল ছিল।
নির্বাচনী এলাকায় তীব্র ক্ষোভ, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা: তরুণীসহ ভিডিও ভাইরালের ঘটনার পর নিজ নির্বাচনী এলাকা শ্যামনগরে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমপি গাজী নজরুলের বহিষ্কার ও শাস্তির দাবিতে সেখানে বিক্ষোভ মিছিল, কুশপত্তলিকা দাহ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর আয়োজনে আয়োজিত সমাবেশে উপস্থিত বক্তারা গাজী নজরুল ইসলামকে শ্যামনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, মহিলা দলের সভানেত্রী নূর জাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান মাসুদুল আলমসহ অন্যান্য নেতারা এতে বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ধর্মের কথা বলে ভোট নিয়ে তিনি লম্পট আচরণ করেছেন। জামায়াত থেকে তাকে দ্রুত বহিষ্কারের দাবি জানানোর পাশাপাশি তার এমপি পদ বাতিলের জন্য জাতীয় সংসদের স্পিকারের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে শ্যামনগর জেসি কমপ্লেক্স থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয় এবং বিক্ষুব্ধ জনতা গাজী নজরুলের কুশপত্তলিকা দাহ করে।
গাড়িচালককে হত্যাচেষ্টার মামলা: দলীয় বহিষ্কার ও স্থানীয় প্রতিবাদের পাশাপাশি গতকাল রাতে রাজধানীর পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন তার সাবেক গাড়িচালক ওবায়দুর রহমান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, এমপির সাথে তার ভাগ্নির অনৈতিক সম্পর্কের বিষয়ে প্রতিবাদ করায় গত ১৪ জুলাই গাজী নজরুলের নির্দেশে অন্য আসামিরা তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পুলিশ ইতিমধ্যেই এ মামলার অন্যতম আসামি আমিনুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পল্লবী জোনাল টিমকে আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।
এমপি পদ কি থাকছে? জামায়াত থেকে বহিষ্কারের পর এখন মূল আলোচনায় উঠে এসেছে সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচন হবে কি না এবং গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না। আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে:
সংসদ সদস্য পদ বাতিলের পক্ষে মত: সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এবং সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মনে করেন, দল থেকে বহিষ্কৃত হওয়ায় তার এমপি পদে থাকার আইনগত অধিকার নেই। সাখাওয়াত হোসেন জানান, কোনো প্রার্থী দলীয় প্রতীকে নির্বাচিত হওয়ার পর দল তাকে বহিষ্কার করলে তিনি আর স্বয়ংক্রিয়ভাবে ‘স্বতন্ত্র’ হওয়ার সুযোগ পান না। জামায়াত স্পিকার ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করলে আসনটি শূন্য ঘোষণা করা হতে পারে, যা পরবর্তীতে উপনির্বাচনের পথ সুগম করবে।
সংবিধান ও আইনের অস্পষ্টতা: তবে সংবিধানের ৬৬ ও ৭০ অনুচ্ছেদ বিশ্লেষণ করে অন্য একটি পক্ষ বলছেন, সংবিধানে সরাসরি ‘দল ত্যাগ’ বা ‘সংসদে দলের বিরুদ্ধে ভোট দেওয়া’র ক্ষেত্রে পদ বাতিলের কথা বলা হলেও, ‘দল থেকে বহিষ্কারের’ ক্ষেত্রে এমপি পদ তাৎক্ষণিক বাতিল হওয়ার স্পষ্ট উল্লেখ নেই। তাছাড়া নৈতিক স্খলনের কারণে পদ হারাতে হলে ফৌজদারি আদালতে অন্তত দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে হয়।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন,“জামায়াতের পক্ষ থেকে বহিষ্কারের চিঠি এখনো নির্বাচন কমিশনেপৌঁছায়নি। লিখিত আবেদন পাওয়া গেলে সংবিধান ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।” ৭৪ বছর বয়সী নজরুল ইসলাম সাতক্ষীরা -৪ আসনে ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য হন। এবার তিনি তৃতীয়বার নির্বাচিত হন।
নৈতিক স্খলন বা অনৈতিকতার প্রশ্নে নীতিগত অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা কঠোর ও আপসহীন ভূমিকা পালন করে বলে স্পষ্ট জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। সম্প্রতি এক বক্তব্যে জামায়াত আমীর দৃঢতার সাথে পুনর্ব্যক্ত করেন, নৈতিক দিক থেকে স্খলন ঘটলে জামায়াত কাউকে এক চুলও ছাড় দেয় না; দায়িত্বশীল ব্যক্তি বা নেতা যতই প্রভাবশালী হোন না কেন, অপরাধ প্রমাণিত হলে দল থেকে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের নীতি-আদর্শ ও নৈতিক মানদণ্ড রক্ষায় জামায়াতে ইসলামীর এই কঠোর ও ন্যায়নিষ্ঠ নীতি ভবিষ্যতেও একইভাবে বহাল থাকবে।
ক্রাইম বার্তা