সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের নেতা মুজিবুর রহমান ঢালী (৬০)-কে পথরোধ করে লোহার রড ও পাইপ দিয়ে মারধর করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রতিবাদে সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ ঘের থেকে বংশীপুর মোড় হয়ে বাড়ি ফিরছিলেন মুজিবুর রহমান ঢালী। পথে বংশীপুর এলাকায় বিএনপি নেতা ছাদেম চেয়ারম্যানের অনুসারী বিএনপি কর্মী বাবু, বাবু গুটি, মনাসহ ৫-৬ জন তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে বলে অভিযোগ করা হয়। পরে মোটরসাইকেলের চাবি নিয়ে তাঁকে লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত জামায়াত নেতা মুজিবুর রহমান ঢালী
ভুক্তভোগীর পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, হামলার সময় ছাদেম চেয়ারম্যান মিনা মসজিদের পাশে দাঁড়িয়ে ঘটনাটি প্রত্যক্ষ করছিলেন।
হামলায় আহত হয়ে মুজিবুর রহমান ঢালী সড়কে পড়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলায় তাঁর মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন মুজিবুর রহমান ঢালী বলেন, “আমি শুধু জামায়াতের রাজনীতি করি। এটা তারা সহ্য করতে পারে না। এটাই মূলত ঘটনার কারণ।”
তিনি দাবি করেন, অভিযুক্তদের সঙ্গে তাঁর পূর্বে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না।
এদিকে হামলার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নায়েবে আমির অধ্যাপক ফজলুল হকের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুল, শহিদুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ক্রাইম বার্তা