ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ উদ্ধার; সাতক্ষীরা সীমান্তে চোরাচালান রোধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা

ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ উদ্ধার; সাতক্ষীরা সীমান্তে চোরাচালান রোধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩১ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।

৩৩ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের অধীন তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৩ ও ৬ আরবি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেরাগাছি ও ভাদিয়ালী এলাকা থেকে ৮ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এদিকে, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার নটিজঙ্গল এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।

অন্যদিকে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ১০ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার রাজপুর এলাকা থেকে ৩ লাখ ১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এসব অভিযানে সর্বমোট ১২ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব পণ্য পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, রাজস্ব ফাঁকি রোধ এবং দেশীয় শিল্পের সুরক্ষায় বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এসব অভিযানের প্রশংসা করে নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *