সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে অফিসের পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৪ আগস্ট সকাল ১০ টায় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণের পাশাপাশি প্রাণশাহের খালপাড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে তিনি সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির স্থায়ী কার্যালয় নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে খেলাধুলার সরঞ্জাম ও আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। বক্তব্যে তিনি বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। আমি এই সংগঠনের চেয়ারম্যান হিসেবে সাতক্ষীরা ইউনিটের সকল সদস্যের পাশে থাকবো এবং ইউনিটের সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করবো।”
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত লক্ষ্য অনুযায়ী আগামী পাঁচ বছরে সাতক্ষীরায় ২০ লাখ বৃক্ষরোপণ করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সদস্যকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী সদস্য ডা. আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, শফিকুল আলম বাবু, মনিরুজ্জামান, হাবিবুর রহমান, ইউনিট লেভেল অফিসার হাসিবুল ইসলাম সোহাগসহ যুব ইউনিটের নেতৃবৃন্দ।
ক্রাইম বার্তা