বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
পাশাপাশি সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
গত জুন মাস থেকে মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময় এক ঘণ্টা কমিয়ে আনা হল। একই সঙ্গে বিদ্যুতের ওপর চাপ কমাতে আলোকসজ্জা ও বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে চলমান ও আয়োজিত সব ধরনের মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড এবং সব ধরনের আলোকসজ্জা ও লাইটিং বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় দেওয়া হয়।
সেখানে বলা হয়েছে, জরুরি সেবা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ সময়সীমার আওতায় থাকবে না। এর মধ্যে রয়েছে খাবারের হোটেল ও রেস্তোরাঁ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এবং জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিক্রির দোকান।
বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে এবং জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ব্যবসায়ী সমিতি ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
ক্রাইম বার্তা