সাতক্ষীরার শ্যামনগর একটি মুরগির ঘর থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। বাড়ির মালিকের দাবি, রাতে ঘরে ঢুকে অজগরটি ৬টি হাঁস-মুরগি খেয়ে ফেলেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সুন্দরবনসংলগ্ন নীলডুমুর এলাকার মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়। সাপটির ওজন আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে অজগরটি মুক্তার গাজীর মুরগির ঘরে আশ্রয় নেয়। রাতের কোনো একসময় ঘরে থাকা হাঁস-মুরগির ওপর আক্রমণ করে সাপটি। বাড়ির মালিকের দাবি, অজগরটি ৬টি হাঁস-মুরগি খেয়ে ফেলে। সকালে মুরগির ঘর থেকে হাঁস-মুরগি বের না হওয়ায় বিষয়টি নজরে আসে মুক্তার গাজীর। পরে টর্চ জ্বালিয়ে ঘরের ভেতরে তাকালে তিনি বড় আকৃতির অজগরটি দেখতে পান।
মুক্তার গাজী বলেন, রাতে আমার মুরগির ঘরে অজগরটি ঢুকে পড়ে। সকালে দেখি মুরগিগুলো ঘর থেকে বের হচ্ছে না। পরে টর্চ লাইট জ্বালিয়ে ঘরের ভেতরে তাকিয়ে দেখি বিশাল বড় একটি অজগর। বিষয়টি সঙ্গে সঙ্গে বন বিভাগ ও সিপিজির সদস্যদের জানাই।
ক্রাইম বার্তা