সাতক্ষীরা সংবাদদাতাঃ ঘূর্ণিঝড়সহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। দুর্যোগ আঘাত হানার আগেই সাইক্লোন সেন্টারগুলো প্রস্তুত করা এবং ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ এবং জলবায়ু ঝুঁকি বীমা কর্মসূচি’ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব নির্দেশনা দেন। জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাউসার আজিজ বলেন, ঘূর্ণিঝড় বা বড় কোনো দুর্যোগের আশঙ্কা দেখা দিলে আগে থেকেই সাইক্লোন সেন্টারগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত ও প্রস্তুতি সম্পন্ন করতে হবে। দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি শুরু হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদে সাইক্লোন সেন্টারে নেওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি সাইক্লোন সেন্টারের পূর্ণাঙ্গ তথ্য হালনাগাদ রাখতে হবে। সংশ্লিষ্ট কমিটি ও সদস্যদের দায়িত্ব এবং করণীয়সহ প্রয়োজনীয় তথ্য দ্রুত প্রস্তুত করে উপস্থাপনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এতে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর আগাম সাড়াদান, সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বীমা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, দাতা সংস্থার প্রতিনিধি, বিশ্ব খাদ্য কর্মসূচির খুলনা ফিল্ড অফিসের প্রধান আল মামুন আজাদ, বাস্তবায়নকারী সংস্থা সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৩/৯/২৬
০১৭১২৩৩৩২৯৯
ক্রাইম বার্তা