বিশেষ প্রতিবেদক: অবশেষে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) মোট সাতটি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বড় এই আয়োজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ জানান, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার সবগুলো ইউপিতে ভোটগ্রহণ করা হবে। এই ধাপে সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সূত্র জানায়।
ইসি ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় ধাপের ভোট নেওয়া হবে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট হবে ৩০ ডিসেম্বর। এরপর আগামী বছরের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া সুষ্ঠু ও সার্বজনীন নির্বাচনের লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপে বসবে কমিশন।
এদিকে নির্বাচনী দিনক্ষণ ঘোষণার পর থেকেই জোর আলোচনায় এসেছে এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে অংশ নেওয়ার বিষয়টি। এই বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত চূড়ান্তভাবে দেবে নির্বাচন কমিশন। প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার আইন অনুযায়ী লাভজনক পদে থাকা ব্যক্তিরা নির্বাচনে অযোগ্য হন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের এমপিও নীতিমালার ১১.১৭(খ) ধারায় বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকরা অন্য কোনো আর্থিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। এই দুটি আইন ও নীতিমালার আলোকে ইসি সিদ্ধান্ত নেবে। প্রয়োজন হলে স্থানীয় সরকার ও আইন মন্ত্রণালয় থেকে আইনগত মতামত দেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যেহেতু কমিশন ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, তাই শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণে অনাবশ্যক বাধা থাকা উচিত নয়। নির্বাচন কমিশন থেকে স্পষ্ট ও ইতিবাচক ব্যাখ্যা এলেই এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে দাঁড়ানোর পথ পুরোপুরি উন্মুক্ত হবে।
ক্রাইম বার্তা