কলারোয়া প্রতিনিধি: “বর্তমান যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা অপরিসীম। তবে গণমাধ্যমে টিকে থাকতে এবং দ্রুত সংবাদ পরিবেশনে প্রযুক্তির সুফলের পাশাপাশি এর সঠিক, কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” সাতক্ষীরার কলারোয়া সাংবাদিক ফোরাম এর আয়োজনে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভিডিও এডিটিং’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দৈনিক আলোর পরশ-এর চেয়ারম্যান মাওলানা মোঃ আজিজুর রহমান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে স্থানীয় আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। দৈনিক নয়া দিগন্তের কলারোয়া সংবাদদাতা আসাদুজ্জামান ফারুকীর এর সভাপতিত্বে ও দৈনিক আগামীর সময় এর কলারো সংবাদদাতা প্রভাষক আব্দুল আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ কামারুজ্জামান। কর্মশালায় সংবাদ অনুসন্ধান, তথ্য যাচাই, আধুনিক প্রযুক্তির সাহায্যে দ্রুত কনটেন্ট তৈরি এবং মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে সহজ উপায়ে ভিডিও সম্পাদনার বিভিন্ন ব্যবহারিক কৌশল শেখানো হয়। এতে নির্ধারিত বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবু সাইদ বিশ্বাস। মোবাইল ও কম্পিউটারে দ্রুত সংবাদ এবং ভিডিও এডিটিংয়ের কৌশল তুলে ধরেন আরটিভির কলারোয়া প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হুসাইন। এছাড়া ‘সাংবাদিকতায় টুকিটাকি’ বিষয়ে বক্তব্য রাখেন দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি মোঃ মুজাহিদুল ইসলাম এবং সাংবাদিকতার নীতি ও মৌলিক কাঠামোর ওপর আলোকপাত করেন পিএইচডি গবেষক প্রভাষক তবিবুর রহমান। দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেওয়া স্থানীয় সংবাদকর্মীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি ও ভিডিও এডিটিংয়ের বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।
ক্রাইম বার্তা