সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উনিশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শরিফা ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে এবং কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পেছনে শরিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরিফার বোন মাহমুদা খানম জানান, শরিফা মেধাবী ছাত্রী ছিল। আগামী ২৮ সেপ্টেম্বর তার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ায় সে দুশ্চিন্তায় ছিল। এ কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা।
এদিকে শরিফার পড়ার টেবিল থেকে মা-বাবার উদ্দেশে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে পরীক্ষার প্রস্তুতি শেষ করতে না পারা এবং ফলাফল ভালো না হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে বাবা-মায়ের কাছে ক্ষমা চাওযার কথা উল্লেখ্য করেছেন শরিফা।
শরিফার মৃত্যুতে বিস্ময় প্রকাশ করে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রধান প্রিন্স আহমেদ বলেন, “শরিফা কবিতা আবৃত্তি, বিতর্ক ও খেলাধুলায় সক্রিয় ছিল। গত ১০ সেপ্টেম্বর বিতর্ক সংসদে অসাধারণ তর্কযুদ্ধ করেছিল, পরে আমি তাকে প্রশংসাও করেছিলাম। এত প্রাণবন্ত ও প্রতিভাবান একটি মেয়ের এমন পরিণতি মেনে নেওয়া কঠিন।”
একজন তরুণ শিক্ষার্থীর এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ক্রাইম বার্তা