মুজাহিদুল ইসলাম : (সাতক্ষীরা প্রতিনিধি)
আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী ১৯ শে সেপ্টেম্বর ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে সতর্কতামূলক একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে বিএনপি নেতা বলেন,সাতক্ষীরার ৭৭ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো সময় তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্পষ্টভাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে,প্রত্যেকটি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের মতামতের প্রেক্ষিতে অপেক্ষাকৃত জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হবে। সংগত কারণেই দলের স্পষ্ট বার্তা, কোন ব্যক্তির একক সিদ্ধান্তের উপর মনোনয়ন নির্ভরশীল নয়। ইতোমধ্যে দলের সুবিধাবাদী নেতৃত্বের হাত ধরে পতিত আওয়ামী লীগের অনেকেই দলের সদস্যপদ প্রাপ্ত হয়েছেন। এই অবাঞ্চিতরা নানা কৌশলে দলের মনোনয়ন প্রাপ্তিতে দৌড়ঝাপ করার বিষয়টি খুবই প্রাসঙ্গিক। তারা মূলত:দলের অভ্যন্তরে প্রবেশ করে দলকেই ক্ষতিগ্রস্ত করে চলেছেন। তাদের বিষয়ে তৃণমূলের সেই সমস্ত নেতাকর্মী যারা বিগত ফ্যাসিবাদ আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথ কাঁপিয়েছেন এবং যারা হত্যা,গুম,নিপীড়ন নির্যাতন সহ্য করে বর্তমানে হাইব্রিডদের আগমনে হতাশ হয়ে দলের নানাবিধ কর্মসূচি থেকে দূরে অবস্থান করছেন তাদেরকেই মূলত নির্বাচনে সঠিক প্রার্থী মনোনয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, রাজনীতি কখনো নিজের জন্য নয়,মানুষের জন্য নিজেকে উৎসর্গ করার অপর নামই রাজনীতি। মনে রাখবেন, ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র বহমান। সকল ষড়যন্ত্রের পাশ কাটিয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমার নিবেদন। আপনারা ঐক্যবদ্ধ হন, আমাদের নেতা তারেক রহমানের
রাষ্ট্র পরিচালনার গণমুখী ভাবনাকে হৃদয় ধারণ করে সতর্কভাবে সকল বিভাজনের উর্ধ্বে থেকে ধর্ম গোত্র নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে তার সুফলগুলো সঠিকভাবে উত্থাপন করুন,এটিই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ।
ক্রাইম বার্তা