কমিটি বাতিলের দাবিতে কলারোয়ায় সড়ক অবরোধ করে যুবদলের বিক্ষোভ

মুজাহিদুল ইসলাম: সদ্য ঘোষিত সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়াকে কেন্দ্র করে কলারোয়ায় মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কলারোয়া বাজার এলাকায় এ বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা জেলা যুবদলের ঘোষিত কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চন্দনের সমর্থকদের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভ চলাকালে মমতাজুল ইসলাম চন্দন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দীর্ঘ ১৭ বছর বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সম্মুখসারিতে ছিলেন তিনি। এ সময়ে প্রায় শতাধিক মামলার আসামি হয়েছেন এবং বিভিন্ন ধরনের জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। চন্দন বলেন, দলের চেয়ারপারসনের দেওয়া কমিটি মেনে নিতে হবে। পরে তিনি বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি থেকে সরিয়ে নেন। তার হস্তক্ষেপের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।এর আগে বিক্ষোভকারীরা জেলা যুবদলের নতুন কমিটি বাতিলের দাবি জানান। মিছিলে অংশ নেওয়া কয়েকজন যুবদল নেতা বলেন, প্রত্যাশিত নেতৃত্ব ও পদ না পাওয়ায় তারা ক্ষুব্ধ। তাদের দাবি, ঘোষিত জেলা যুবদলের কমিটি বাতিল করে ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে।
এদিকে সড়ক অবরোধের কারণে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করে।
রোববার সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে, অন্যদিকে কলারোয়ায় কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *