সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, পিটিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, পিটিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা

সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামের এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ক্ষিতিশ মন্ডল তালা সদর উপজেলার জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে।

নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডলের অভিযোগ, তালার জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে শুক্রবার রাত ৩টার দিকে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। পরে বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এতে তাঁর হাত-পা ভেঙে যায় এবং মাথায় কোপ দেওয়া হয়। এমনকি তাঁর চোখ তুলে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন পার্থ মন্ডল।

তিনি বলেন, রাত ৩টা থেকে ভোর পর্যন্ত ক্ষিতিশকে মারধর করা হয়। পরে শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

পার্থ মন্ডল আরও বলেন, ক্ষিতিশ মন্ডল মাছের ঘের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে একজন মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হবে, তা মেনে নেওয়া যায় না।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, মাছের ঘেরে চুরির সন্দেহে মারধরের ঘটনায় ক্ষিতিশ মন্ডলের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *