সাতক্ষীরা পৌরসভার খড়িবিলায় সাঁকোই চার পরিবারের একমাত্র ভরসা

১০০ মিটার নড়বড়ে বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে চলাচল, ১০ বছরেও মেলেনি স্থায়ী সমাধান

সাতক্ষীরা প্রতিনিধি:

রাস্তা নেই, নেই কোনো কালভার্ট। খাল-বিলের ওপর নির্মিত প্রায় ১০০ মিটার দীর্ঘ নড়বড়ে বাঁশের সাঁকোই চার পরিবারের মানুষের চলাচলের একমাত্র ভরসা। বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে এ সাঁকো পারাপার করতে হচ্ছে সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খড়িবিলা উত্তরপাড়া এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে স্থায়ী রাস্তা ও সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। তবে স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ বছরেও এ সমস্যার সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা যায়, স্থানীয়দের উদ্যোগে কয়েক বছর আগে নির্মিত বাঁশের সাঁকোটির বিভিন্ন অংশ পচে গেছে। কোথাও কোথাও পাটাতন ভেঙে ফাঁকা হয়ে রয়েছে। সাঁকোর ওপর দিয়ে চলাচলের সময় এটি দুলতে থাকে। এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও প্রতিদিন প্রয়োজনের তাগিদে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধদের এ সাঁকো ব্যবহার করতে হচ্ছে।

এলাকায় যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃদ্ধ, নারী, শিশু, অসুস্থ ব্যক্তি ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের। সাঁকোটি পার হতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খাল-বিলের পানি বেড়ে গেলে ঝুঁকি আরও বাড়ে বলে জানান স্থানীয়রা।

রাস্তা না থাকায় এ এলাকায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে কেউ গুরুতর অসুস্থ হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলে তাঁকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। গর্ভবতী নারী ও জরুরি রোগীদের ক্ষেত্রে এ দুর্ভোগ আরও প্রকট হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “যাতায়াতব্যবস্থা ভালো না থাকায় এই এলাকায় মানুষ আত্মীয়তা করতে চায় না।” যোগাযোগব্যবস্থার দুরবস্থার কারণে সামাজিক জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান তিনি।

শিক্ষার্থী সোনামনি বলেন, “ঝুঁকিপূর্ণ সাঁকো পার হতে গিয়ে অনেক শিক্ষার্থী পা পিছলে পানিতে পড়ে বইপত্র নষ্ট করেছে এবং আহত হয়েছে।” নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের প্রতিদিন আতঙ্ক নিয়ে চলাচল করতে হয় বলেও জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, গত ১০ বছর ধরে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে আসছেন। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে আর কার্যকর উদ্যোগ দেখা যায় না। ফলে দীর্ঘদিন ধরে একই দুর্ভোগের মধ্যে দিন কাটছে তাঁদের।

এলাকাবাসীর দাবি, চার পরিবারের মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত একটি স্থায়ী রাস্তা ও উপযুক্ত কালভার্ট বা সেতু নির্মাণ করা হোক। এতে তাঁদের দৈনন্দিন যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, রোগী ও বয়স্কদের দুর্ভোগও কমবে।

দীর্ঘদিনের এ জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা খড়িবিলা উত্তরপাড়ার বাসিন্দাদের।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *