দশ বছর ধরে নিখোঁজ সাতক্ষীরার মোকলেছুর, তিন পুলিশ কর্মকর্তার বিচারপ্রক্রিয়ায় বাধা কাটল

 আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরা থেকে: দশ বছর আগে নিখোঁজ হওয়া সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোকলেছুর রহমান জনির সন্ধান আজও মেলেনি। দীর্ঘ প্রতীক্ষা, আদালতে রিট, বিচারিক তদন্ত ও একাধিক আইনি প্রক্রিয়া পেরিয়ে এবার তাঁর নিখোঁজের ঘটনায় দায়ের করা মামলায় নতুন মোড় এসেছে। মামলা বাতিল চেয়ে সাবেক এক পুলিশ কর্মকর্তার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তৎকালীন তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলার কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা থাকছে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতের এ সিদ্ধান্তকে মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বাদীপক্ষের আইনজীবী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা শহরের কুখরালী এলাকার বাসিন্দা হোমিও চিকিৎসক মোকলেছুর রহমান জনি নিখোঁজ হন। দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ২০১৭ সালের ২ মার্চ হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত রুলসহ প্রয়োজনীয় আদেশ দেন।

পরবর্তী সময়ে ২০১৮ সালের ২৩ জানুয়ারি দেওয়া আদেশে হাইকোর্ট উল্লেখ করেন, রিট আবেদনকারী ওই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাইলে সংশ্লিষ্ট থানা তা গ্রহণ করবে। অন্যথায় আবেদনকারী চাইলে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা করতে পারবেন।

এরপর মোকলেছুরকে অপহরণ ও হত্যার পর লাশ গুমের অভিযোগে ২০২১ সালের ১৭ আগস্ট সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তাঁর বাবা শেখ আবদুর রাশেদ। মামলায় আসামি করা হয় সাতক্ষীরা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক শেখ, পরবর্তী ওসি ফিরোজ হোসেন মোল্লা এবং তৎকালীন উপপরিদর্শক (এসআই) হিমেল হোসেনকে।

এ মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০২৪ সালে হাইকোর্টে আবেদন করেন সাবেক ওসি ফিরোজ হোসেন মোল্লা। প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশসহ রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার আদালত সেই রুল খারিজ করে দেন।

আদালতে মোকলেছুরের বাবা শেখ আবদুর রাশেদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম।

রায়ের বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মো. তানভীর আহমেদ জানান, আদালত আগের স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন। রুল খারিজ হওয়ায় তৎকালীন তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে দায়ের করা মামলার কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা নেই।

এদিকে এক দশক পেরিয়ে গেলেও ছেলের কোনো সন্ধান না পাওয়ার বেদনা এখনো বয়ে বেড়াচ্ছেন বাবা শেখ আবদুর রাশেদ। তিনি জানান, আগামী ২২ নভেম্বর সাতক্ষীরার আদালতে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

রিট, বিচারিক তদন্ত ও পিবিআইয়ের অনুসন্ধানে যা উঠে আসে

মোকলেছুর রহমান জনির সন্ধান চেয়ে পরিবারের করা রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৭ সালের ৬ মার্চ হাইকোর্ট সাতক্ষীরার পুলিশ সুপারকে নিখোঁজের বিষয়ে ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন। পুলিশ আদালতে প্রতিবেদন দিয়ে জানায়, মোকলেছুরকে গ্রেপ্তার করা হয়নি।

পরে আদালত বিচারিক তদন্তের নির্দেশ দেন। সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ মাহমুদ তদন্ত শেষে হাইকোর্টে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে মোকলেছুরকে পুলিশ গ্রেপ্তার করে তিন দিন থানায় আটকে রাখার পর তাঁর অবস্থান অস্বীকার করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়।

এরপর ২০১৭ সালের ১৬ জুলাই হাইকোর্ট ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। ২০১৮ সালের ২১ জানুয়ারি পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, সাতক্ষীরা সদর থানার তৎকালীন ওসি মো. এমদাদুল হক শেখ, এসআই হিমেল হোসেন এবং পরবর্তী ওসি ফিরোজ হোসেন মোল্লাসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেননি। ফলে মোকলেছুরের নিখোঁজ হওয়ার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটিত হয়নি এবং পুলিশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। দায়িত্ব পালনে চরম অদক্ষতা ও অবহেলার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়।

পিবিআইয়ের অনুসন্ধান ও রিটকারীর দাখিল করা প্রতিবেদন পর্যালোচনা করে ২০১৮ সালের ২৩ জানুয়ারি হাইকোর্ট সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি থানায় জিডি অথবা আদালতে নালিশি মামলা করার সুযোগ দিয়ে আদেশ দেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এবার মামলা বাতিলের আবেদন খারিজ হওয়ায় সাতক্ষীরার আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ খুলেছে। তবে মোকলেছুর রহমান জনির নিখোঁজ হওয়ার রহস্য এখনো অমীমাংসিত। পরিবারের প্রত্যাশা, আদালতের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার ও তাঁদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *