দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিক শহর খুলনা এখন এক অস্থির জনপদে পরিণত হয়েছে। শান্ত ও নিরাপদ শহর হিসেবে পরিচিত এই অঞ্চলে হঠাৎ করেই যেন থামছে না হত্যার মিছিল। প্রকাশ্যে গুলি, কুপিয়ে হত্যা এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া তৎপরতায় মহানগরী ও জেলার সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও…
দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিক শহর খুলনা এখন এক অস্থির জনপদে পরিণত হয়েছে। শান্ত ও নিরাপদ শহর হিসেবে পরিচিত এই অঞ্চলে হঠাৎ করেই যেন থামছে না হত্যার মিছিল। প্রকাশ্যে গুলি, কুপিয়ে হত্যা এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া তৎপরতায় মহানগরী ও জেলার সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত মাত্র ১০ মাসেই খুলনা জেলা ও মহানগরীতে ৭৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ও অভিযানের ঘোষণার পরও অপরাধীদের এমন দৌরাত্ম্য জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের পরিসংখ্যান বিশ্লেষণ করলে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র ফুটে ওঠে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রথম ১০ মাসে জেলা ও মহানগরীতে মোট ৭১টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহেই আরও সাতটি খুনের ঘটনা যুক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়ায় ৭৮-এ। এর মধ্যে খুলনা মহানগর এলাকায় ৩৮টি এবং জেলার নয়টি থানা এলাকায় ৪০টি হত্যাকাণ্ড ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত পাঁচ বছরের মধ্যে খুলনা মহানগরীতে এবারই সর্বোচ্চ সংখ্যক হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
অন্যদিকে, একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং এসব ঘটনায় ১৮৭ জনকে আটক করেছে। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারের পরও খুনের মিছিল না থামায় অবৈধ অস্ত্রের সহজলভ্যতা এবং সন্ত্রাসীদের নেটওয়ার্ক নিয়ে শঙ্কা কাটছে না।
হত্যাকাণ্ডের নেপথ্যে বহুমুখী কারণ ও সক্রিয় অপরাধী চক্র
পুলিশের তদন্ত ও প্রাথমিক হিসাব অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের পেছনে একক কোনো কারণ নেই। চাঁদাবাজি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, এলাকায় আধিপত্য বিস্তার, দীর্ঘদিনের পূর্বশত্রুতা এবং অপরাধী চক্রগুলোর অভ্যন্তরীণ বিরোধই মূলত রক্তক্ষয়ী সংঘাতের জন্ম দিচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে খুলনায় বিভিন্ন নামে অন্তত নয়টি সশস্ত্র অপরাধী গোষ্ঠী সক্রিয় রয়েছে। এর মধ্যে রয়েছে—নবাব বাবু ‘বি কোম্পানী’, শেখ পলাশের ‘পলাশ গ্রুপ’, ‘নূর আজিম গ্রুপ’, ‘আশিক বাহিনী’, হুমায়ুন কবিরের ‘হুমা বাহিনী’, শেখ সাইদুর রহমান ওরফে শাওনের ‘টেংকি শাওন গ্রুপ’, আরমান শেখের ‘আরমান গ্রুপ’, শাকিল শেখের ‘শাকিল গ্রুপ’ এবং ‘নাসিম গ্রুপ’। পুরো নগরী ও আশপাশের এলাকায় এসব সন্ত্রাসী বাহিনীর আধিপত্য বিস্তারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এলাকাভিত্তিক তৎপরতা বিশ্লেষণে দেখা যায়: খুলনা সদর ও লবণচরা: এই এলাকাগুলোতে ‘নূর আজিম’ ও ‘আশিক গ্রুপ’ বেশ সক্রিয়; সোনাডাঙ্গা ও খালিশপুর: এই অঞ্চলগুলোতে ‘টেংকি শাওন গ্রুপের’ তৎপরতা বেশি; দৌলতপুর ও খানজাহান আলী: এই এলাকাগুলোতে ‘আরমান গ্রুপ’ ও ‘হুমা বাহিনীর’ প্রভাব রয়েছে। আর খুলনা মহানগরী ও জেলাসহ দেশব্যাপী বি কোম্পানীর প্রভাব রয়েছে। অপরাধী চক্রের অভ্যন্তরীণ কোন্দল কতটা ভয়াবহ রূপ নিয়েছে, তার প্রমাণ মেলে গত ৪ অক্টোবর। ওই দিন দিঘলিয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন ‘নাসিম গ্রুপের’ প্রধান নাসিমুল গণি।
খুলনা জেলার মধ্যে হত্যাকাণ্ডে শীর্ষে রূপসা, আতঙ্কে জনপদ
খুলনা জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জেলার নয়টি থানার মধ্যে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে রূপসা উপজেলায়। চলতি বছরে কেবল এই একটি উপজেলাতেই ১৩টি হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া দিঘলিয়া, পাইকগাছা ও কয়রায় পাঁচটি করে; ডুমুরিয়া ও বটিয়াঘাটায় তিনটি করে; তেরখাদায় দুটি এবং ফুলতলায় একটি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। সর্বশেষ ১২ নভেম্বর দিবাগত রাত ১০টার দিকে রূপসা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মো. জাকির হোসেন (৪৩) কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলায় চলতি বছরে এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ড ঘটেনি। রূপসায় একের পর এক নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে: ২ নভেম্বর আঠারোবাকি নদীর চর থেকে মেহেদী হাসান সোহাগ (৩৫) ও রেজাউল করিম (৩০) নামের দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহতরা স্থানীয় সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ৫ অক্টোবর নিজ বাড়ির সামনেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আক্তার ঢালী (৬৪)। ১৫ আগস্ট একই এলাকায় জয় ঢালী (২৭) নামের এক যুবককে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ১১ আগস্ট রূপসা ব্রিকস ইটভাটায় গুলিতে প্রাণ হারান যুবদল কর্মী ফখরুল শেখ (৩২)।
রূপসার পাশাপাশি ডুমুরিয়ার একটি ঘটনাও পুরো জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিন ডুমুরিয়ায় প্রকাশ্যে গুলিতে নিহত হন ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫)। তিনি রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আবদুস সালামের ছেলে। হেলমেট ও মাস্ক পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাঁকে গুলি করে পালিয়ে যায়। দিনের আলোয় জনসম্মুখে এমন হত্যাকাণ্ড সাধারণ মানুষের নিরাপত্তাবোধে বড় ধাক্কা দিয়েছে।
মহানগরীর ৩৮ খুন: অধিকাংশের রহস্য উদঘাটন
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আওতাধীন আটটি থানা এলাকায় চলতি বছরে মোট ৩৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। থানাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৮টি খুন হয়েছে খুলনা সদর থানায়। এরপর লবণচরায় ৭টি, দৌলতপুরে ৫টি, আড়ংঘাটায় ৪টি, সোনাডাঙ্গা, হরিণটানা ও খালিশপুরে ৩টি করে এবং খানজাহান আলী থানায় ২টি হত্যাকাণ্ড ঘটেছে।
কেএমপির তথ্যমতে, ৩৫টি হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ ইতোমধ্যে ৩২টির রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। এসব হত্যাকাণ্ডের ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৩টি এবং পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের জেরে ১১টি হত্যাকাণ্ড ঘটেছে। উদ্বেগজনক তথ্য হলো, মহানগরীর এই হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্তত ১৪টিতেই সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে।
ক্রমাগত হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আঠারোবাকি নদী থেকে উদ্ধার হওয়া দুই যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা দল যৌথভাবে অভিযান পরিচালনা করছে।
খুলনা জেলা পুলিশ সুপার ওমর ফারুক সন্ত্রাস দমনে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।
তিনি জানান, পরিস্থিতির দ্রুত উন্নয়নে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সমন্বিত চেকপোস্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অপরাধীরা যেহেতু প্রায়ই মোটরসাইকেল ব্যবহার করে হামলা চালাচ্ছে, তাই মোটরসাইকেল তল্লাশিও ব্যাপকভাবে বাড়ানো হবে।
অন্যদিকে, কেএমপি পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানিয়েছেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ শক্ত অবস্থান নিয়েছে। ইতোমধ্যেই অধিকাংশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারি ও চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনায় নীরবে চাঁদাবাজি চলছে। ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না। পাঁচ-ছয়টি গ্রুপ মানুষকে জিম্মি করে লাখ লাখ, এমনকি কোটি কোটি টাকা চাঁদা আদায় করছে। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা খুলনা ছাড়তে বাধ্য হচ্ছেন। খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খুলনার মানুষ বাঁচবে না।
কোনো উন্নয়ন খুলনায় হবে না। মানুষ অন্ধকারাচ্ছন্ন একটি শহরে বসবাস করবে। এর পরবর্তী ধাপ হচ্ছে, খুলনা শহরের মানুষ আর এই শহরে থাকবে না। ব্যবসায়ীরা অলরেডি খুলনা ত্যাগ করেছেন। তিনি আরও বলেন, অনেকেই বাকরুদ্ধ হয়ে গেছেন। কেউ মুখ খুলতে পারছেন না। পরিস্থিতি এমন যে, কার কাছে অভিযোগ করবেন, তা নিয়েও মানুষের ভয়। অভিযোগ ফাঁস হয়ে গেলে গুলির শিকার হতে হবে, হত্যার শিকার হতে হবে। এ কারণে সবাই চাঁদা দিচ্ছেন, কিন্তু কেউ মুখ খুলছেন না। খুলনা শহরে এক ধরনের নীরব চাঁদাবাজি চলছে। চাঁদার অঙ্ক ছোটখাটো নয়, লাখ লাখ থেকে কোটি কোটি টাকা। পাঁচ-ছয়টি গ্রুপ এভাবে চাঁদাবাজি করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে কেসিসি প্রশাসক বলেন, পুলিশকে আরও কঠোর ও দায়িত্বশীল হতে হবে। প্রয়োজনে সব বাহিনীকে নিয়ে যৌথ বাহিনী গঠন করে কম্বিং অপারেশন চালাতে হবে। এমনকি কারফিউ জারি করে হলেও এসব অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। তিনি বলেন, যারা মানুষকে জিম্মি করে, মানুষকে হত্যা করে, তাদের বিরুদ্ধে হালকা পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। আমরা এই পরিস্থিতির অবসান চাই।
খুলনায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ তুলে নজরুল ইসলাম মঞ্জু বলেন, হাসপাতাল, ক্লিনিক ও সেবাকেন্দ্রের মতো প্রতিষ্ঠানেও ভাঙচুর করা হচ্ছে। রেস্টুরেন্টে হামলা চালানো হচ্ছে। কোচিং সেন্টারগুলোতে চাঁদাবাজি করা হচ্ছে। চিকিৎসক ও ব্যবসায়ীরা আতঙ্কে ফোন খুলে রাখতেও ভয় পাচ্ছেন। দোকানে দোকানে চাঁদাবাজি চলছে। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমার নিবেদন থাকবে, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে খুলনায় পাঠান। খুলনা প্রশাসনের সঙ্গে বসে কীভাবে এসব সন্ত্রাসীকে ধরা যায়, সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিন। এটাই খুলনাবাসীর চাওয়া।
অপরদিকে খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল জাতীয় সংসদে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, খুলনাবাসী বাঁচতে চায়। এই খুলনা বর্তমানে একটি মৃত নগরীতে পরিণত হয়েছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ন্যায় খুলনা মহানগরী ও খুলনা অঞ্চলে ব্যাপক চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং নিয়মিত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।
তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, খুলনার বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, এটি একটি মৃত নগরীতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে যখন প্রধানমন্ত্রী খুলনা সফরে গিয়েছিলেন, সেই সফরের দিনই খুলনায় জোড়া খুন সংঘটিত হয়েছিল। এমনকি পুলিশের প্রধান আইজি যখন খুলনা সফরে যান, ঠিক সেই দিনও একটি প্রাইভেট হাসপাতালে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে ভাঙচুর করেছে। খুলনা অঞ্চলের প্রতিটি নাগরিক ও ব্যবসায়ী নিয়মিতভাবে চাঁদাবাজির শিকার হচ্ছেন। চরম আতঙ্কের কারণে তারা ভয়ে প্রশাসন বা কারো কাছে অভিযোগ পর্যন্ত করতে পারছেন না।
তিনি বলেন, এ অবস্থায় সাধারণ মানুষ কোথায় যাবে, কার কাছে কথা বলবে—তা নিয়ে চরম দ্বিধাসংকটে ভুগছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের বিভিন্ন অঙ্গসংস্থা উপস্থিত থাকলেও বর্তমানে সবাই যেন কিছুটা অকার্যকর অবস্থায় রয়েছে। জাতীয় সংসদের মাধ্যমে তিনি বিনীতভাবে সরকারের কাছে এবং প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানান। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা ইতোমধ্যে দোকানপাট বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। তিনি এক প্রশ্নের জবাবে গণমাধ্যকর্মীদেরকে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামব।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হুইপ বকুল বলেন, আমরা খুবই উদ্বিগ্ন। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইতোমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী খুলনায় এসেছিলেন। তখন আমাদের দলের পক্ষ থেকে মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি তুলে ধরেছেন। আমিও সেখানে ছিলাম। প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর ভাষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেছেন, দ্রুত এ পরিস্থিতির অবসান ঘটাতে হবে। সাধারণ মানুষের মন থেকে আতঙ্ক দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো ধরনের অজুহাত শুনতে রাজি নন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা দ্রুত সমস্যার সমাধান করবেন বলে তারা আশাবাদী। তা না হলে এলাকার সন্তান ও জনগণের প্রতিনিধি হিসেবে তাকে সাধারণ মানুষকে নিয়ে মাঠে নামতে হবে। জনগণ একত্রিত হয়ে মাঠে নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে বলেও সতর্ক করেন তিনি।
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বকুল বলেন, ২৪ ঘণ্টা খোলা থাকা ওষুধের দোকানও বন্ধ করে দেওয়া হচ্ছে। আতঙ্কে মানুষ মামলা করতে সাহস পাচ্ছেন না। তাহলে পুলিশ কী করছে? সন্ত্রাসীরা কি এভাবে পার পেয়ে যাবে? অপরাধী যে-ই হোক, যতবড় নেতা হোক কিংবা যার ছত্রছায়ায় থাকুক, কাউকে ছাড় দেওয়া যাবে না। খুলনায় কোনোভাবেই সন্ত্রাসের দৌরাত্ম্য চলতে দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আশ্বাস ও তৎপরতা সত্ত্বেও নগরবাসী ও জেলার সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরছে না। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং একের পর এক সশস্ত্র গ্রুপের উত্থান মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় আতঙ্ক তৈরি করেছে। খুলনাবাসীর এখন একটাই চাওয়া—কবে থামবে এই খুনের মিছিল, কবে ফিরবে শহরের চিরচেনা শান্তি ও নিরাপত্তা? সেই কাঙ্ক্ষিত স্বস্তির দিনটির জন্য হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে খুলনাবাসীকে।
ক্রাইম বার্তা