প্রথম পর্যায়ে ১১৫টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অনুমোদন ৩ কোটি ৪৫ লাখ টাকা
স্টাফ রিপোটার: ২০২৬-২০২৭ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) সংসদীয় আসনে ৮০ লাখ টাকা এবং ৯০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কাবিখা-কাবিটা কর্মসূচিতে ৪৫ লাখ টাকা, ৪৫ মেট্রিক টন চাল ও ৪৫ মেট্রিক টন গম এবং টিআর কর্মসূচিতে ৩৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
এদিকে, সংসদ সদস্য হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশারের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে নির্বাচনী এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে প্রথম পর্যায়ে আরও ৩ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন হয়েছে।
অনুমোদিত বরাদ্দ অনুযায়ী, আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার ২৩টি ইউনিয়নের প্রতিটি থেকে পাঁচটি করে মোট ১১৫টি ধর্মীয় প্রতিষ্ঠান এ অর্থের আওতায় আসবে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রাখা হয়েছে তিন লাখ টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (কাবিখা-২) স্বাক্ষরিত ১ নভেম্বর ২০২৬ তারিখের এক পত্রে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্যের অনুকূলে কাবিখা-কাবিটা ও টিআর কর্মসূচির বরাদ্দের বিষয়টি জানানো হয়। পত্রটি জেলা প্রশাসক, সাতক্ষীরার বরাবরে পাঠানো হয়েছে।
বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে, প্রকল্পের অর্থ উত্তোলন ও বাস্তবায়নের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৭। বরাদ্দপ্রাপ্তির ১৫ দিনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে কাজ শুরু করতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের আগে ও পরে পরিমাপ, ছবি ও ভিডিও সংরক্ষণ এবং দৃশ্যমান স্থানে প্রকল্পের বিবরণসংবলিত সাইনবোর্ড স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রকল্পের কাজ যথাযথভাবে তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে প্রকল্প বাতিলসহ বরাদ্দের অর্থ ফেরত নেওয়া এবং দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও রয়েছে।
নতুন নির্মিত বা সংস্কার করা গ্রামীণ সড়কের দুই পাশে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী তালগাছ বা বিন্না ঘাস রোপণের বিষয়টিও প্রকল্পে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়িত হলে আশাশুনি ও কালীগঞ্জের গ্রামীণ যোগাযোগব্যবস্থা, অবকাঠামো এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
ক্রাইম বার্তা