আশাশুনিতে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে জুলাইয়ের সব শক্তি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে: শহিদুল ইসলাম মুকুল
সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, কোনো ফ্যাসিস্ট পালিয়ে গেলে তার ফিরে আসার সুযোগ থাকে না। পলাতক স্বৈরশাসকের ফিরে আসার নজির পৃথিবীতে নেই। বাংলাদেশের জনগণও কোনো ফ্যাসিস্টকে পুনঃপ্রতিষ্ঠিত হতে দেবে না। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে জুলাইয়ের সব শক্তি ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
তিনি বলেন, জুলাইয়ের ঐক্যবদ্ধ চেতনা ও আকাঙ্ক্ষা ধরে রাখতে হবে। যে ঐক্য ও সাহসের মধ্য দিয়ে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই চেতনা যেন কোনোভাবেই হারিয়ে না যায়। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য, অন্যায়, অবিচার ও স্বৈরাচারমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা। সেই প্রত্যাশা বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সব দেশপ্রেমিক মানুষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে জুলাইয়ের চেতনাকে বিভক্ত হতে দেওয়া যাবে না। জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, মাওলানা আবু বকর সিদ্দিক ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক এবং সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ উপজেলার পুরুষ ও মহিলা রুকনরা অংশ নেন।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে ২০২৭-২৮ সেশনের জন্য উপজেলা আমির নির্বাচনের লক্ষ্যে রুকনদের কাছ থেকে গোপন ব্যালটে ভোট ও মতামত গ্রহণ করা হয়। সাংগঠনিক রীতি অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে রুকনদের মতামত গ্রহণের এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নেতৃত্ব নির্বাচন এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা সামনে রেখে এ রুকন সম্মেলনের আয়োজন করা হয়।
শাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ক্রাইম বার্তা