সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের অভাবে আজও আতঙ্কে সাতক্ষীরাসহ উপকূলবাসী

জোড়াতালির বাঁধ আর অবৈধ পাইপের থাবায় অরক্ষিত উপকূল, শুকায়নি সিডরের ক্ষত

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা:
২০০৭ সালের ১৫ নভেম্বর। বাংলাদেশের উপকূলীয় জনপদের মানুষের কাছে দিনটি কেবল একটি তারিখ নয়, এক বিভীষিকাময় দুঃস্বপ্নের নাম। প্রলয়ঙ্করী সুপার সাইক্লোন ‘সিডর’-এর আঘাতে সেদিন লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও উপকূলীয় অঞ্চলের মানুষের সেই রাতের ক্ষত আজও শুকায়নি। বরং টেকসই বেড়িবাঁধের অভাব, অব্যাহত নদীভাঙন এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছে এ অঞ্চলের লাখো মানুষের।
সরকারি ও বেসরকারি তথ্যমতে, সিডরের তাণ্ডবে শুধু সাতক্ষীরা জেলায় অন্তত ২০ জন প্রাণ হারান এবং সাতটি উপজেলার প্রায় ২ লাখ ১২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনসংলগ্ন শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়ন। অন্যদিকে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ এবং পিরোজপুরের মঠবাড়িয়া, জিয়ানগর, ভান্ডারিয়া ও সদর উপজেলায় শত শত প্রাণহানিসহ বিধ্বস্ত হয় লাখো ঘরবাড়ি ও ফসলি জমি। সেদিনের সেই ভয়াবহ রাতে খোলপেটুয়া, কপোতাক্ষ, বলেশ্বর, কঁচা ও সন্ধ্যা নদীর জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে মুহূর্তেই তলিয়ে গিয়েছিল বিস্তীর্ণ এলাকা।

সিডরের পর গত দেড় যুগে ‘আইলা’, ‘আম্পান’, ‘ইয়াস’, ‘মোখা’ ও ‘রেমাল’-এর মতো একের পর এক ঘূর্ণিঝড় উপকূলকে ক্ষতবিক্ষত করেছে। প্রতিটি দুর্যোগেই সবার আগে প্লাবিত হয় নদীতীরবর্তী নিচু এলাকাগুলো। সাতক্ষীরার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ষাটোর্ধ্ব জেলে আব্দুল করিম বলেন, “সিডর আমাদের ভিটেমাটি কেড়ে নিয়েছিল, আর নোনাপানির যে অভিশাপ দিয়ে গেছে, তা আজও বয়ে বেড়াচ্ছি। এখনো ১৫ নভেম্বর এলে বুকটা কেঁপে ওঠে।”

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর দুর্যোগের পর জিওব্যাগ বা নামমাত্র মাটি ফেলে বাঁধ মেরামত করা হলেও দীর্ঘমেয়াদি কোনো টেকসই সমাধান হয়নি। উপরন্তু, সাতক্ষীরার পদ্মপুকুরসহ বিভিন্ন এলাকায় স্লুইসগেট অকেজো থাকায় প্রভাবশালী ঘের মালিকরা বাঁধ কেটে অবৈধ পাইপ বসিয়ে চিংড়িঘেরে পানি তুলছেন। এতে বাঁধের কাঠামো আরও দুর্বল হয়ে পড়ছে। একই চিত্র বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের নদীপাড়েও। বলেশ্বর ও কঁচা নদীর অব্যাহত ভাঙনে বাঁধ ও জনবসতির নিরাপদ দূরত্ব ক্রমেই কমে আসছে। ভিটেমাটি হারিয়ে অনেকেই এখন বেড়িবাঁধের ওপর ঝুপড়ি তুলে মানবেতর জীবনযাপন করছেন, আবার অনেকে জীবিকার তাগিদে এলাকা ছেড়েছেন।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক জানান, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। অন্যদিকে বাগেরহাট ও পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ নদীতীর সংরক্ষণ ও বাঁধ পুনর্র্নিমাণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে, যা শেষে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উপকূলবাসীর আজ একটাই দাবি—দুর্যোগ-পরবর্তী ত্রাণ নয়, বরং জীবন ও জীবিকা রক্ষায় নদীশাসনের মাধ্যমে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং একটি দিনকে ‘জাতীয় উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করা। উপকূল সুরক্ষিত থাকলেই কেবল সুরক্ষিত থাকবে দক্ষিণাঞ্চলের কোটি মানুষের প্রাণ ও প্রকৃতি।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *