স্টাফ রিপোটার: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরা। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গ্রেপ্তার ও নির্যাতনের অসংখ্য অভিযোগের মধ্যে অন্যতম আলোচিত জনপদ এই জেলা। সেই সময়ের রাজনৈতিক প্রতিকূলতা, কারাবাস, শারীরিক নির্যাতন আর স্বজন হারানোর গভীর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি ও জেলা কর্মপরিষদের সদস্য খুরশেদ আলম।
তিনি তৎকালীন সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এবং পরবর্তী সময়ে কেন্দ্র নিয়ন্ত্রিত সাতক্ষীরা শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তালা, ইসলামকাটি ও পাটকেলঘাটা এলাকায় সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
খোরশেদ আলমের ভাষ্য অনুযায়ী, ২০১৮ সালে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুনশাহ গ্রামের নিজ বাড়িতে অবস্থানকালে এক হৃদয়বিদারক ঘটনার মধ্য দিয়ে তাঁর জীবনের অন্ধকার অধ্যায় শুরু হয়। অসুস্থ হৃদরোগী বাবার পাশে বসে বুকে হাত বুলিয়ে দিচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। তাঁকে আটক করে থানায় না নিয়ে খলিলনগর পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরিবারের কাছে আটকের বিষয়টি অস্বীকার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর অভিযোগ, ক্যাম্পে আটকে রেখে রাতভর শারীরিক নির্যাতন করা হয়। পরে রাত প্রায় তিনটার দিকে তাঁকে তালা থানায় নেওয়া হয়। পরদিন সকালে থানার ওসির কক্ষে হাতকড়া পরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। সেখানে সাংবাদিকদের উপস্থিতিতে একটি পুরোনো অস্ত্র সামনে এনে তাঁর বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের অভিযোগ আনা হয়। ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয় এবং টানা চার মাস কারাভোগ করতে হয়।
এখানেই শেষ নয়। তাঁর দাবি, সর্বশেষ জাতীয় নির্বাচনের পর সাতক্ষীরার বিনেরপোতা বাইপাস এলাকায় মোটরসাইকেল থামিয়ে ডিবি পুলিশ তাঁকে আটক করে। ডিবি হেফাজতেও শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। পরে মামলায় কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১৫ থেকে ২০টি মামলা হয়েছিল বলেও জানান তিনি।
তবে রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বেদনাটি কোনো মামলা কিংবা কারাবাস নয়; সেটি বাবাকে হারানোর ঘটনা। তিনি যখন কারাগারে, তখন অসুস্থ হৃদরোগী বাবা তাঁর গ্রেপ্তার ও কারাবাসের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার শেষ মুহূর্তে পাশে থাকতে পারেননি তিনি। পারেননি শেষবারের মতো বাবার দোয়া নিতে কিংবা তাঁর কাছে ক্ষমা চাইতে।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়ে আবার কারাগারে ফিরে যেতে হয় তাঁকে।
খোরশেদ আলমের কণ্ঠে সেই স্মৃতি আজও গভীর বেদনার। তাঁর ভাষায়, ইসলামী আন্দোলনের পথে রাজনৈতিক ত্যাগ ও নির্যাতনের অনেক স্মৃতি থাকলেও বাবার মৃত্যুর সময় পাশে থাকতে না পারার কষ্টই তাঁর জীবনের সবচেয়ে বড় ক্ষত। একটি রাজনৈতিক জীবনের সংগ্রামের আড়ালে এ যেন এক সন্তানের অপূর্ণ বিদায়, এক বাবার শেষ সময়ের পাশে থাকতে না পারার আজীবন হাহাকার।
ক্রাইম বার্তা