ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে প্রতারণা, ৫২ এনআইডি উদ্ধার

কলারোয়া প্রতিদিন:  সাতক্ষীরার কলারোয়ায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মিলন হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় ৫২ নারীর ছবি ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে । শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্তের বাড়ি থেকে এসব নথিপত্র উদ্ধার করেন স্থানীয় রাজনৈতিক নেতা ও ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা যায়, মিলন হোসেন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র নারীদের ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের নেতৃত্বে একটি দল মিলনের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি ৫২ নারীর ছবিসহ এনআইডির ফটোকপি বের করে দেন এবং টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন উপস্থিত ব্যক্তিরা। জহুরুল ইসলাম বলেন, মিলন একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। তিনি ফ্যামিলি কার্ডের নাম করে অসহায় নারীদের সঙ্গে প্রতারণা করছিলেন। উদ্ধারকালে উপস্থিত হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর বলেন, উপস্থিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করতে চাইলে স্থানীয়দের অনুরোধে আপাতত পরিবারের জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন বলেন, ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *