প্রধানমন্ত্রীকে কটূক্তির ভিডিওতে লাইক, বরখাস্ত শিক্ষক

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করা একটি ভিডিওতে ‘লাইক’ দেওয়ার অভিযোগে এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) মিঠাখালী পিজিএস আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্ত হওয়া শিক্ষক মো. মামুন অর রশিদ তালুকদার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত)। তার ইনডেক্স নম্বর ঘ১১১৮০২৮।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘ভোলা মিশন’ নামের একটি পেজে ‘সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান’ ও ‘খেলা জমে গেছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। অভিযোগ, ওই ভিডিওতে লাইক দেন শিক্ষক মামুন অর রশিদ তালুকদার।

এ ঘটনায় তাকে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি ২১ সেপ্টেম্বর স্মারক নম্বর ৩৬/২৬-এর অফিস আদেশে তদন্ত ও অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করে।

অফিস আদেশে বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তার বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা প্রচলিত বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক মামুন অর রশিদ তালুকদার। তিনি জানান, ৯ আগস্ট রাতে ফেসবুক নিউজফিডে স্ক্রল করার সময় অসাবধানতাবশত তার আঙুলের ডাবল ট্যাপে ভিডিওটিতে লাইক পড়ে যায়। পরে ভিডিওটি আপত্তিকর বুঝতে পেরে তিনি লাইকটি প্রত্যাহার করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আমিন কামাল বলেন, ‘একজন শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রীকে কটূক্তি করা ভিডিওতে লাইক দেওয়া নৈতিকভাবে অন্যায়। বিষয়টি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।’

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *