বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একই দিনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি সরকার গঠনের জন্য জাতীয় সংসদ নির্বাচন, অন্যটি রাষ্ট্র মেরামতের প্রশ্নে হ্যাঁ-না ভোট। সংসদ নির্বাচনে সরকার ৫০ শতাংশ ভোট পেলেও ওই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ রয়েছে। অন্যদিকে রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণের দেওয়া বিপুল রায়কে সরকার অবমাননা করছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় ১১ দলই ঐক্যের লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
গণভোটের বৈধতা প্রসঙ্গে তিনি বলেন, একই মায়ের গর্ভে জন্ম নেওয়া যমজ সন্তানের একজন বৈধ হলে অন্যজন অবৈধ হতে পারে না। একইভাবে একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচন বৈধ হলে রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে দেওয়া জনগণের রায়ও বৈধ। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে জনগণ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, তা বাস্তবায়ন করতে হবে।
মামুনুল হক বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির জন্য কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার না হওয়াও দায়ী। জুলাই সনদের ভিত্তিতে গণরায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র মেরামতের জন্য সংবিধান সংশোধন নয়, সংস্কার পরিষদ গঠনের কথা ছিল। কিন্তু সরকার তা না করে জনগণের অধিকার হরণ করছে। প্রশাসনে দলীয়করণ চলছে। জনগণের রায় কার্যকর করতে সংবিধান সংস্কারের মাধ্যমেই জুলাই আন্দোলনের ফসল ঘরে নিয়ে আসতে হবে। এ জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
ক্রাইম বার্তা